সাবিনা ইয়াসমিন কণা, টুঙ্গিপাড়া প্রতিবেদক :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়েছে। সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাঁদের মধ্যে একজনের নাম রহমাতুল্লাহ। অপর গুলিবিদ্ধ ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সামছুল হকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি টুঙ্গিপাড়া সরকারি কলেজ এলাকা থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।
একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ সময় বিক্ষোভকারীদের পক্ষ থেকেও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ রয়েছে।
সংঘর্ষের একপর্যায়ে বিক্ষুব্ধরা পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেন। এতে গাড়িটি পুড়ে যায়। পুলিশের পক্ষ থেকেও কয়েকজন সদস্য আহত হওয়ার কথা জানানো হয়েছে। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানিয়েছেন, নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা সড়কে অবস্থান নেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরে পুলিশের একটি পিকআপে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এদিকে সংঘর্ষের সময় রহমাতুল্লাহসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন বলে টুঙ্গিপাড়া ১০০ শয্যা বিশিষ্ঠ হাসপাতাল কতৃপক্ষ সূত্রে জানা যায়।। অপর গুলিবিদ্ধ ব্যক্তির নাম-পরিচয়ও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর টুঙ্গিপাড়া-পাটগাতী সড়কসহ আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জ থেকে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পাঠানো হয়।
এর আগে সোমবার রাতেও গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও সড়কে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সাতটি মোটরসাইকেল জব্দের পাশাপাশি ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||