সাবিনা ইয়াসমিন কণা টুঙ্গিপাড়া প্রতিবেদক :

‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি ও ভবিষ্যৎ গঠনে ৬০ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে এবং টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের বাস্তবায়নে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অঃদাঃ) মো. সেলিম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান, জীবন কৃষ্ণ চৌকিদার ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিব হাছান মুন্সি। এ ছাড়া উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৮০ জন শিক্ষক অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষকদের পেশাগত মর্যাদা ও অধিকার সংরক্ষণ, শিক্ষকদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, একটি মানসম্মত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি তাদের দায়িত্ব পালনে সহায়ক পরিবেশ সৃষ্টি করা জরুরি।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। র্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
বিশ্ব শিক্ষক দিবসের আয়োজনকে কেন্দ্র করে শিক্ষক ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||