
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় টহলরত বিজিবিসহ যৌথ বাহিনীর চারটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় পিরোজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ জনতা। একই সময়ে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মোক্তার হোসেন মোল্লা ওরফে মিক্তার এবং তাঁর ভাইদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে টুঙ্গিপাড়া উপজেলার নীলফা বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে যৌথ বাহিনীর সদস্যরা ওই এলাকায় টহল দেওয়ার সময় একদল বিক্ষুব্ধ জনতা তাদের গাড়িতে হামলা চালায়। একপর্যায়ে বিজিবিসহ যৌথ বাহিনীর চারটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পিরোজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে, একই সময়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক মোক্তার হোসেন মোল্লা ওরফে মিক্তার এবং তাঁর ভাইদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। আগুনে বাড়িঘরের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করে বলেন, মোক্তার হোসেন মোল্লার বিরুদ্ধে এলাকায় গ্রেপ্তার-বাণিজ্য, চাঁদাবাজি, জমি দখল করে স্থাপনা নির্মাণসহ বিভিন্ন ধরনের অনিয়ম ও হয়রানির অভিযোগ রয়েছে। তাঁর দাবি, এসব কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করে বিপুল পরিমাণ অর্থ আদায় করা হয়েছে।
তবে স্থানীয় ওই বাসিন্দার করা অভিযোগগুলোর বিষয়ে মোক্তার হোসেন মোল্লার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে কি না এবং অগ্নিসংযোগে ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||