সাবিনা ইয়াসমিন কনা, টুঙ্গিপাড়া উপজেলা প্রতিবেদক :

এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঢাকা-পিরোজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সরকারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (৮ জুন) সকাল ১১টার দিকে পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে অতীতে পরীক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে। তাই তারা অন্য কোনো সরকারি কলেজে কেন্দ্র নির্ধারণের দাবি জানান।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদার, টুঙ্গিপাড়া থানার ওসি খন্দকার আইয়ুব আলী এবং কলেজের অধ্যক্ষ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||