
দেশব্যাপী তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের বজ্রকণ্ঠ হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
জাতীয় পর্যায়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় কর্মকর্তা-কর্মচারী, বিএনপির নেতাকর্মী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ বিশ্বাস, পল্লী বিদ্যুতের ডিজিএম সৈকত বড়ুয়া, উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম মাহমুদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির শেখ, পৌর বিএনপির সভাপতি মোল্লা ইমদাদ, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, পৌর যুবদলের আহ্বায়ক ডা. আবু জাফর, টুঙ্গিপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি ডা. একরাম হোসেন, সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসাদুজ্জামান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জীবনকৃষ্ণ চোকিদার, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী এবং পৌর সহকারী প্রকৌশলী ইমরান হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এ ছাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির নেতাকর্মী ও স্থানীয় সমাজসেবকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সরকার ঘোষিত এ কর্মসূচির আওতায় প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি এডিস মশার লার্ভা উৎপাদনের সম্ভাব্য স্থান চিহ্নিত করে তা ধ্বংস করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ভিডিও কনফারেন্সের অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করেন। পাশাপাশি ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এ জন্য সর্বস্তরের মানুষের সচেতন অংশগ্রহণ প্রয়োজন। তাই নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোনো পাত্র, ড্রেন, ছাদ বা খোলা স্থানে পানি জমতে না দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||