সাবিনা ইয়াসমিন কণা, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ :

“রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা, সফল মৎস্য চাষি ও মৎস্য সংরক্ষণে অবদান রাখা ব্যক্তিদের পুরস্কার ও সম্মাননা প্রদান।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্য চাষি, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে মৎস্য পক্ষের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী। সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম। স্বাগত বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাকচী।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত হাওলাদার এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এম জিলানী বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির জন্য দেশীয় মাছ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে মা মাছ ধরা থেকে বিরত থাকার পাশাপাশি মাছের প্রজনন ও নিরাপদ বিচরণ নিশ্চিত করতে মৎস্য আশ্রয় প্রকল্প আরও বেশি করে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, নদী-খাল-বিল ও জলাশয়ে অবৈধভাবে মাছ ধরার জন্য ব্যবহৃত ক্ষতিকর জাল বন্ধ করতে হবে। যেসব অবৈধ জালে ছোট মাছ ও পোনা নিধন হয়, সেসব জাল ব্যবহার ও নদী-জলাশয়ে ফেলা থেকে সবাইকে বিরত থাকতে হবে।
“মৎস্যসম্পদ রক্ষা করা শুধু সরকারের দায়িত্ব নয়। মৎস্যজীবী, চাষি ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এ বিষয়ে সচেতন হতে হবে,” বলেন তিনি।
এমপি জিলানী আরও বলেন, দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে জলাশয় সংরক্ষণ, মৎস্য অভয়াশ্রম সৃষ্টি এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৎস্য খাতের উন্নয়ন হলে মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডও বৃদ্ধি পাবে।
উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন মৎস্যসম্পদ রক্ষায় সরকারি আইন মেনে চলা এবং স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। ডা. তানভীর আহমেদ মাছ ও মাছজাতীয় খাদ্যের পুষ্টিগুণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। কৃষি কর্মকর্তা প্রশান্ত হাওলাদার ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ বিশ্বাস মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদ খাতের সমন্বিত উন্নয়নের ওপর গুরুত্ব দেন।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে টুঙ্গিপাড়ায় সফল মৎস্য চাষি এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে সহযোগিতাকারীদের পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়।
সফল মৎস্য চাষি হিসেবে সম্মাননা পান ডুমুরিয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া গ্রামের মো. আসাদুজ্জামান শেখ। ইউনিয়ন পর্যায়ে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে সহযোগিতার স্বীকৃতিস্বরূপ প্রথম স্থান অর্জনকারী ডুমুরিয়া ইউনিয়নের গ্রাম পুলিশকে পুরস্কৃত করা হয়।
এ ছাড়া মাছ চাষে পুরস্কার পান চর গোপালপুরের মো. হিটু শিকদার এবং পার ঝনঝনিয়া গ্রামের মোহাম্মদ আরিফ। ইউনিয়ন পর্যায়ে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে সহযোগিতার স্বীকৃতিস্বরূপ চর গোপালপুরের গ্রাম পুলিশকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। স্থানীয় জনগণের অংশগ্রহণ, মৎস্য চাষিদের সচেতনতা এবং মৎস্য সংরক্ষণ আইন যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমেই দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও জলজ জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মৎস্য চাষি, গ্রাম পুলিশ, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||