মাহফুজুর রহমান, ব্যুরো চিফ, ঝালকাঠি জেলা :

ঝালকাঠির নলছিটিতে দুর্বৃত্তদের হামলায় ইকবাল হোসেন (৪৫) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছেন।
গত রোববার (১২ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার নাচনমহল ইউনিয়নের খাগড়াখানা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খাগড়াখানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দুর্বৃত্তরা ইকবাল হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
গুরুতর আহত অবস্থায় ইকবালকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
নিহত ইকবাল হোসেন উপজেলার নাচনমহল ইউনিয়নের খাগড়াখানা গ্রামের আজহার আলী হাওলাদারের ছেলে। পরিবার ও স্থানীয়দের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
নলছিটি থানার তদন্ত কর্মকর্তা আশরাফ আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় ইকবালকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনার পর এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||