আবিদুর রহমান নাহিয়ান :

‘জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় গোপালগঞ্জে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (৫ আগস্ট) সকালে গোপালগঞ্জ পৌরসভার লঞ্চঘাট এলাকার মডেল মসজিদের সামনে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এ সময় মহান জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন গোপালগঞ্জ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর নেতৃত্বে গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন এবং দেশের শান্তি, শৃঙ্খলা ও গণমানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
পরে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা পরিষদের অর্থায়নে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আত্মত্যাগ জাতির জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে এবং নতুন প্রজন্মকে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবিক চেতনায় উদ্বুদ্ধ করবে।
অনুষ্ঠানে জুলাই যোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি তাঁদের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা শহীদ ও জুলাই যোদ্ধাদের আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে সমাজের সকল স্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||