মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

পটুয়াখালীর কুয়াকাটায় নির্মাণাধীন ‘ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট’-এর নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ও ছাড়পত্র ছাড়া নির্মাণ কাজ পরিচালনা এবং কুয়াকাটার মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) লঙ্ঘনের অভিযোগে মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে এ নির্দেশ দেওয়া হয়। প্রকল্পটির চেয়ারম্যান পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।
প্রশাসনের নির্দেশের পর প্রকল্প এলাকায় নিষেধাজ্ঞার ব্যানার টাঙিয়ে দেওয়া হয়।
ব্যানারে অনুমোদন ছাড়া নির্মাণকাজ পরিচালনার কারণে স্থাপনাটির কার্যক্রম বন্ধ ঘোষণা এবং নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
স্থানীয় সূত্র ও ভূমি প্রশাসনের তথ্য অনুযায়ী, কলাপাড়া উপজেলার লতাচাপলী মৌজার এসএ ২৯২ নম্বর খতিয়ানে প্রায় ২১ একর ৬৬ শতক জমিতে রিসোর্ট প্রকল্পটি গড়ে তোলা হচ্ছিল। প্রকল্প এলাকার প্রায় ছয় একর জমি ঘিরে সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে।
সেখানে একটি মসজিদ ও বড় কনভেনশন হল নির্মাণের কাজও চলছিল।
মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান এবং কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক সহ প্রশাসনের কর্মকর্তারা।
সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেকের ভাষ্য অনুযায়ী, যথাযথ প্রাতিষ্ঠানিক অনুমোদন ছাড়া বহুতল স্থাপনা নির্মাণ প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ। এ ছাড়া কুয়াকাটার মহাপরিকল্পনায় সংশ্লিষ্ট জমিটি রেলওয়ের ভবিষ্যৎ অবকাঠামো ও স্থাপনার জন্য নির্ধারিত রয়েছে। প্রয়োজনীয় অনুমতি ছাড়া নির্মাণকাজ চালানোয় প্রকল্পটির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, কুয়াকাটার মহাপরিকল্পনা ও পরিবেশ গত ভারসাম্য রক্ষা করে স্থাপনা নির্মাণের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক। এর আগেও প্রকল্পটির নির্মান কাজ বন্ধ রাখতে বলা হয়েছিল বলে তিনি জানান।
তিনি আরও জানান, গত সোমবার বিভাগীয় কমিশনার কুয়াকাটা পরিদর্শনে এসে এ বিষয়ে প্রশাসনিক নির্দেশনা দেন। সেই নির্দেশনা অনুসারেই নির্মান কাজ বন্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, প্রকল্পের উদ্যোক্তা কে, সেটি প্রশাসনের বিবেচ্য নয়; আইন সবার জন্য সমান।
প্রকল্পটির অনুমোদন, জমির নির্ধারিত ব্যবহার এবং প্রয়োজনীয় ছাড়পত্র নিয়ে প্রশাসনিক পদক্ষেপের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সংশ্লিষ্ট নথিপত্র যাচাইয়ের মাধ্যমে জমির আইনগত অবস্থান ও প্রকল্পের অনুমোদন সংক্রান্ত বিষয় গুলো আরও স্পষ্ট হবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||