মোঃ আল মাসুম খান,ব্যুরো চিফ, খুলনা :

ক্রমবর্ধমান জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ বন্ধে ও আমাদের ভবিষ্যৎ বিক্রি না করার দাবিতে এবং নবায়ন শক্তির জন্য বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার লোনাজল পরিবেষ্টিত উপকূলে এক ভিন্নধর্মী প্রতীকী অবস্থান ও জলবায়ু ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে। আজ শুক্রবার (১১ এপ্রিল) সকাল ৯টায় শরুব ইয়ুথ টিমের আয়োজনে ও অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় খুলনা বিভাগের শ্যামনগরের উপকূলীয় এলাকা মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের জেলে পাড়ার খোলপেটুয়া নদীর তীরে এই জলবায়ু ধর্মঘট কর্মসূচি অনুষ্ঠিত হয়। জীবাশ্ম জ্বালানি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির অন্যতম কারণ এবং দ্রুত জলবায়ু পরিবর্তনের জন্য একটি প্রভাবক হিসেবে কাজ করে। কলকারখানা, বিদ্যুৎ উৎপাদন, পরিবহণ খাত প্রতিনিয়ত যে হারে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে, তার ফলে বৈশ্বিক উষ্ণতা তাৎপর্য পূর্ণ ভাবে বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও গ্লোবাল নর্থের সম্পদশালী উন্নত দেশগুলো জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ বাড়াচ্ছে মূলত যুদ্ধ সংগঠিত করা এবং যুদ্ধের জন্য মদদ দেওয়া, নব্য- ঔপনিবেশিক শোষণ ও মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে। তারা এই পৃথিবীর সবচেয়ে বড় নির্গমনকারী। তাদের পুঁজিবাদী মনোভাবের জন্য তারা পৃথিবীকে ধ্বংস করছে। জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ বন্ধ করার জন্য কোন কারিগরি জ্ঞানের দরকার নাই, শুধু নিজেদের রাজনৈতিক সদিচ্ছা ও সেটা বাস্তবায়নই যথেষ্ট বলে মনে করেন উপকূলীয় অঞ্চলের জলবায়ু যোদ্ধারা। এই শান্তিপূর্ণ ধর্মঘটে যুবারা আমাদের ভবিষ্যৎ বিক্রি করো না, জলবায়ুর সুবিচার চাই, জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ বন্ধ কর, নবায়নযোগ্য জ্বালানীতে বিনিয়োগ বৃদ্ধি করা সহ বিভিন্ন স্লোগান দিয়ে ধর্মঘট কর্মসূচি থেকে জাতীয় ও আন্তর্জাতিক নেতৃবৃন্দের কাছে তাদের দাবি তুলে ধরেন। জলবায়ু ধর্মঘটে শরুবের নির্বাহী পরিচালক এস এম জান্নতুল নাঈম বলেন, পশ্চিমা বিশ্ব তাদের দৈনন্দিন আচরণের মাধ্যমে আমাদের জলবায়ু পরিবর্তনে নেতিবাচক ভূমিকা পালন করছে। পৃথিবীকে ধ্বংসের হাত থেকে টিকিয়ে রাখার জন্য তাদের আচরণের পরিবর্তন করতে হবে। আমরা চাই, পশ্চিমা বিশ্ব আমাদের ক্ষতিপূরণ দিবে এবং তারা জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ বন্ধ করবে। শরুবের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, একমাত্র নবায়নযোগ্য জ্বালানীতে বিনিয়োগ, কার্বন ও গ্রিন হাউস গ্যাসের নির্গমন কমিয়ে এই ধরাকে জলবায়ু পরিবর্তনের মত বিপর্যয় থেকে রুখে দিতে পারে। জলবায়ু যোদ্ধা আবিদ হোসেন বলেন, শুধু পশ্চিমা বিশ্বই না আমাদের দেশের সরকারকেও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে দ্রুত পদক্ষেপ নিতে হবে। উপকূল অঞ্চলে এই জলবায়ু ধর্মঘটে উপস্থিত ছিলেন, তনুশ্রী মন্ডল, রাশিদুল ইসলাম, মাসুদ রানা ,অর্পিতা মন্ডল, হালিমা খাতুন, বিশ্বজিৎ মন্ডল, রাজীব বৈদ্য, হাবিবুর রহমান সহ শরুব ইয়ুথ টিমের বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ। স্থানীয় অন্যান্য সংগঠন এই ধর্মঘটের সাথে একাত্মতা প্রকাশ করে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||