
জন্মাষ্টমী উপলক্ষে গোপালগঞ্জ শহরের সর্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।
আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সর্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে জেলার বিভিন্ন মন্দিরের পূণ্যার্থী ও সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন।
জন্মাষ্টমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর কঠোর তদারকিতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।
শোভাযাত্রার নির্ধারিত রুটে যানজট নিয়ন্ত্রণ ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ প্রতিটি পয়েন্টে পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়। একই সঙ্গে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ টিম সার্বক্ষণিক নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জন্মাষ্টমী উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলার সব থানায় প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। উৎসবস্থল, শোভাযাত্রার রুট এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিশেষ নজরদারি রাখা হয়।
অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পূজা উদযাপন কমিটির সদস্য, বিভিন্ন মন্দিরের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ জানিয়েছে, ধর্মীয় উৎসবকে ঘিরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সকল ধর্মাবলম্বীর নিরাপদে উৎসব পালনের পরিবেশ নিশ্চিত করতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেছেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||