মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

চিকিৎসার জন্য প্রতি বছর বাংলাদেশ থেকে বিদেশে পাড়ি জমাচ্ছেন প্রায় ৫ লাখের বেশি মানুষ।
ক্যানসার, স্নায়ুরোগ, বন্ধ্যাত্ব, লিভার ও কিডনি ট্রান্সপ্ল্যান্টসহ জটিল বিভিন্ন রোগের চিকিৎসায় ভারত, থাইল্যান্ডসহ কয়েকটি দেশে যাচ্ছেন এসব রোগী। চিকিৎসার পেছনে রোগী ও তাঁদের স্বজনেরা বছরে ব্যয় করছেন ৬ হাজার কোটি টাকারও বেশি।
বিপুল সংখ্যক মানুষের এই বিদেশমুখিতা এবং হাজার হাজার কোটি টাকার অর্থের বহিঃপ্রবাহ দেশের স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা, ব্যবস্থাপনা ও মানুষের আস্থার সংকটকে নতুন করে সামনে নিয়ে এসেছে।
বাংলাদেশ থেকে ভারতে যাতায়াতকারীদের একটি বড় অংশ চিকিৎসার প্রয়োজনে দেশটিতে যান। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রোগী ক্যানসার, স্নায়ুরোগ, বন্ধ্যাত্ব, কিডনি ও লিভারের জটিলতায় আক্রান্ত। অনেক রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে এমন একটি বদ্ধমূল ধারণা তৈরি হয়েছে যে, দেশের চিকিৎসার মান কাঙ্ক্ষিত পর্যায়ের নয়। কেউ কেউ মনে করেন, দেশে চিকিৎসার খরচও বিদেশের তুলনায় কম নয়।
এর সঙ্গে যুক্ত হয়েছে হাসপাতালের সেবার মান, রোগীর প্রতি আচরণ, রোগ নির্ণয়ে দীর্ঘসূত্রতা এবং চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে নানা অভিযোগ।
ফলে গুরুতর অসুস্থতা দেখা দিলে অনেক পরিবার দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর নির্ভর না করে বিদেশে যাওয়াকেই নিরাপদ মনে করছেন।
বিশেষ করে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে এ প্রবণতা আরও বেশি বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাঁদের অনেকেই স্থানীয় পর্যায়ে জটিল রোগের চিকিৎসার পর্যাপ্ত সুযোগ না পেয়ে সরাসরি ভারতে চলে যান।
তবে দেশের বড় হাসপাতালগুলোর চিকিৎসা সক্ষমতা আগের তুলনায় অনেক বেড়েছে। আধুনিক রোগ নির্ণয় প্রযুক্তি, বিশেষায়িত চিকিৎসা, দক্ষ চিকিৎসক এবং উন্নত চিকিৎসা সরঞ্জাম এখন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে। ক্যানসারের মতো জটিল রোগও প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে অনেক ক্ষেত্রেই দেশে তুলনামূলক কম খরচে চিকিৎসা দেওয়া সম্ভব। এরপরও কেন রোগীরা বিদেশমুখী হচ্ছেন, সেটিই এখন বড় প্রশ্ন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আবদুল হামিদ বলেন, “ফার্টিলিটি বা অন্য যেসব কারণে যাচ্ছে, এটা স্বাস্থ্যসেবার অপ্রতুলতা বা সেবা পাওয়ার জন্য প্রতিবন্ধকতার কারণে। আমাদের স্বাস্থ্যসেবা ঢাকা কেন্দ্রিক। এখানে আসাসহ সবকিছু আমাদের অনুকূলে না।”
স্বাস্থ্যসেবা ঢাকা কেন্দ্রিক হওয়ায় দেশের প্রত্যন্ত ও সীমান্তবর্তী অঞ্চলের মানুষের জন্য জটিল রোগের চিকিৎসা পাওয়া এখনও কঠিন। ফলে চিকিৎসার জন্য ঢাকায় আসা, দীর্ঘ অপেক্ষা, পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসা ব্যবস্থাপনার জটিলতা অনেক রোগীকেই বিকল্প হিসেবে বিদেশমুখী করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মির্জা মো. জিয়াউল ইসলাম গণমাধ্যমকে বলেন, “আমাদের রোগীদের দরদ দিয়ে দেখতে হবে। আস্থা ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে।”
বিশেষজ্ঞদের মতে, চিকিৎসকের দক্ষতা বা আধুনিক যন্ত্রপাতি থাকলেই মানুষের আস্থা অর্জন করা সম্ভব নয়।
রোগীর সঙ্গে মানবিক আচরণ, চিকিৎসার বিষয়ে স্বচ্ছ ধারণা দেওয়া, সময়মতো রোগ নির্ণয়, সঠিক চিকিৎসা এবং চিকিৎসা-পরবর্তী সেবা নিশ্চিত করাও জরুরি। এসব জায়গায় ঘাটতি থাকলে রোগীরা দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা হারাবেন।
এদিকে স্বাস্থ্য খাতে সরকারি অবকাঠামো ও হাসপাতাল থাকার পরও সেগুলোর পূর্ণ সক্ষমতা কাজে না লাগানো নিয়েও প্রশ্ন রয়েছে। অনেক স্থানে হাসপাতালের ভবন ও অবকাঠামো থাকলেও পর্যাপ্ত চিকিৎসক, নার্স, জনবল, যন্ত্রপাতি কিংবা কার্যকর ব্যবস্থাপনার অভাবে কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।
ল্যাবএইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম সাংবাদিকদের বলেন, “সরকারি হাসপাতাল পড়ে আছে, ভবন পড়ে আছে—এগুলোতে যদি অর্ধেক খরচে রোগীদের জন্য বিনিয়োগ করতে বললে আমরা তা করে দিতাম। সরকার ও বেসরকারি উদ্যোগ একসঙ্গে কাজ করলে স্বাস্থ্যসেবা জনবান্ধব হবে।”
এই পরিস্থিতিতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে উঠেছে। সরকারি হাসপাতালের অব্যবহৃত বা অপর্যাপ্ত ভাবে ব্যবহৃত অবকাঠামোকে কার্যকর করা, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, দক্ষ জনবল নিয়োগ এবং বেসরকারি খাতের বিনিয়োগকে সঠিক পরিকল্পনার আওতায় আনা গেলে দেশের চিকিৎসাসেবার সক্ষমতা আরও বাড়ানো সম্ভব।
বিশেষজ্ঞরা মনে করেন, সীমান্তবর্তী জেলাগুলোতে বিশেষায়িত হাসপাতাল ও উন্নতমানের ডায়াগনস্টিক সেন্টার স্থাপন করা গেলে বিদেশমুখী রোগীর সংখ্যা কমানো সম্ভব। কারণ গুরুতর অসুস্থ রোগী যদি নিজ জেলা বা কাছাকাছি অঞ্চলে মানসম্মত চিকিৎসা পান, তাহলে বিদেশে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমে আসবে।
প্রশ্ন উঠছে, প্রতিবছর যদি প্রায় ৫ লাখ মানুষ চিকিৎসার জন্য বিদেশে যান এবং তাঁদের চিকিৎসায় ৬ হাজার কোটি টাকারও বেশি অর্থ দেশের বাইরে চলে যায়, তাহলে এই অর্থের বহিঃপ্রবাহ ঠেকাতে কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ কোথায় ? দেশের চিকিৎসা ব্যবস্থায় বিনিয়োগ বাড়ানো, সরকারি হাসপাতালের সক্ষমতা ব্যবহার এবং রোগীর আস্থা ফেরানোর জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা কেন বাস্তবায়িত হচ্ছে না ?
দেশের চিকিৎসকদের দক্ষতা ও সক্ষমতা থাকা সত্ত্বেও যদি রোগীরা বিদেশে চিকিৎসা নেওয়াকেই বেশি নিরাপদ মনে করেন, তাহলে বিষয়টি শুধু স্বাস্থ্যসেবার সংকট নয়, এটি দেশের অর্থনীতির জন্যও বড় উদ্বেগের কারণ। মানুষের আস্থা ফিরিয়ে আনতে চিকিৎসার মান, হাসপাতাল ব্যবস্থাপনা, রোগীর প্রতি মানবিক আচরণ, চিকিৎসার ব্যয় এবং সেবার স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।
প্রতি বছর হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে চলে যাওয়ার এই প্রবণতা বন্ধ করতে হলে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অন্যথায় দেশের স্বাস্থ্য খাত যতই আধুনিক হোক, মানুষের আস্থার সংকট দূর না হলে চিকিৎসার জন্য বিদেশমুখী মানুষের সংখ্যা কমানো কঠিন হয়ে পড়বে। আর সেই সঙ্গে অব্যাহত থাকবে দেশের অর্থেরও বড় ধরনের বহিঃপ্রবাহ।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||