মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

রাজধানীর মতিঝিল, কমলাপুর, আরামবাগ, মগবাজার ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, অস্ত্রের ভয় দেখিয়ে আধিপত্য বিস্তার, দরপত্র নিয়ন্ত্রণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত তানিম রেজা ওরফে বাপ্পীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁর সহযোগী রাকিবুল ইসলাম ভূঁইয়াসহ আরও কয়েকজনকেও গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ বলছে, চাঁদার টাকা না দিলে ব্যবসায়ীদের ভয় দেখাতে এবং হামলা চালাতে সাত থেকে নয় সদস্যের একটি সশস্ত্র ‘শুটার বাহিনী’ পরিচালনা করতেন তিনি।
পুলিশ জানায়, দক্ষিণ কমলাপুরে কোরবানির পশুর হাটের ইজারাদার ও ব্যবসায়ী ইসমাইল হোসেনের কাছে বিদেশি নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে কয়েক দিনের মাথায় তাঁর প্রতিষ্ঠান ‘এআই কার্গো সার্ভিস’-এ গুলি চালানো হয়। এ ঘটনায় মতিঝিল থানায় মামলা হলে তদন্তে তানিম রেজা ও তাঁর সহযোগীদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।
তদন্তে উঠে এসেছে, দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় পরিবহন, ফুটপাত, ময়লা ব্যবস্থাপনা, ইন্টারনেট, কেবল সংযোগ ও অন্যান্য ব্যবসা নিয়ন্ত্রণে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে আসছিল এই চক্র। ব্যবসায়ী ও প্রতিদ্বন্দ্বীদের ভয়ভীতি দেখাতে অস্ত্রধারী সহযোগীদের ব্যবহার করা হতো বলে দাবি পুলিশের।
ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, মতিঝিল, মগবাজার, মালিবাগ ও কমলাপুর এলাকায় গুলি, চাঁদাবাজি এবং শীর্ষ সন্ত্রাসীদের হয়ে কাজ করার বিভিন্ন ঘটনায় তানিম রেজার নাম এসেছে। তাঁর সঙ্গে একাধিক শীর্ষ সন্ত্রাসীর যোগাযোগ থাকার তথ্যও তদন্তে পাওয়া গেছে।
পুলিশের দাবি, তানিম রেজা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য সাত থেকে নয় সদস্যের একটি সশস্ত্র দল গড়ে তুলেছিলেন। বাহিনীর সদস্যদের কাছে একাধিক বিদেশি আগ্নেয়াস্ত্র ছিল এবং প্রয়োজন হলে ব্যবসায়ী বা প্রতিপক্ষকে ভয় দেখাতে প্রকাশ্যে গুলি চালানো হতো।
গ্রেপ্তারের পর ইস্টার্ন কমলাপুর হাউজিং এলাকায় একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, একটি ইলেকট্রিক শক গান এবং একটি কুড়াল উদ্ধার করেছে পুলিশ।
তদন্তে আরও জানা গেছে, তানিমের হয়ে মাঠপর্যায়ে চাঁদা আদায় ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতৃত্ব দিতেন রাকিবুল ইসলাম।
ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ, ভয়ভীতি প্রদর্শন এবং গুলি চালানোর জন্য পৃথক সদস্যদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছিল। পলাতক অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি জানান, ঘটনার পর তানিম ও তাঁর সহযোগীরা আত্মগোপনে চলে যান। প্রায় দুই মাসের অনুসন্ধানের পর রাজধানীর পূর্বাণী হোটেল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আরও কয়েকজনকে আটক এবং অস্ত্র উদ্ধার করা হয়।
মতিঝিল অঞ্চলের সহকারী কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী বলেন, দীর্ঘদিন আত্মগোপনে থেকেও তানিম ও তাঁর সহযোগীরা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। কমলাপুরে ব্যবসায়ীর কার্যালয়ে গুলির ঘটনার তদন্তেই তাঁদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।
পুলিশের তথ্য অনুযায়ী, তানিম রেজার বিরুদ্ধে চাঁদাবাজি, দস্যুতা, অপহরণ, হত্যাচেষ্টা, নারী ও শিশু নির্যাতন এবং মাদকসংক্রান্ত অভিযোগে একাধিক মামলা রয়েছে। পাশাপাশি অস্ত্র উদ্ধারের ঘটনায় তাঁর ও সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র আইনেও নতুন মামলা দায়ের করা হয়েছে।

বর্তমানে ব্যবসায়ী ইসমাইল হোসেনের দায়ের করা মামলায় তানিম রেজা ও রাকিবুল ইসলামকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
তদন্তকারীদের মতে, চক্রটির পলাতক সদস্য, অস্ত্রের উৎস এবং চাঁদাবাজির নেটওয়ার্ক সম্পর্কে আরও তথ্য সংগ্রহে অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||