মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পরিচালিত ‘সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’-এর প্রতিবেদনে দেখা গেছে, সেবা গ্রহণে ঘুষ দেওয়ার অভিজ্ঞতায় দেশের শীর্ষে রয়েছে খুলনা বিভাগ। অন্যদিকে, সার্বিক দুর্নীতির হারে শীর্ষে রয়েছে ময়মনসিংহ বিভাগ।
বৃহস্পতিবার প্রকাশিত জরিপে বলা হয়, খুলনা বিভাগের ৭০ দশমিক ৬ শতাংশ মানুষ সেবা নিতে গিয়ে ঘুষ দিতে বাধ্য হয়েছেন, যা দেশের মধ্যে সর্বোচ্চ। একই সঙ্গে বিভাগ টিতে দুর্নীতির শিকার হয়েছেন ৮৮ শতাংশ মানুষ। অন্যদিকে, ময়মনসিংহ বিভাগের ৮৮ দশমিক ৯ শতাংশ মানুষ দুর্নীতির শিকার হয়েছেন, যা দেশের সর্বোচ্চ। এ বিভাগের ৬৬ দশমিক ৬ শতাংশ মানুষ সেবা নিতে গিয়ে ঘুষ দিয়েছেন।
জরিপে আরও দেখা যায়, বরিশাল বিভাগে দুর্নীতির শিকার হয়েছেন ৮৭ দশমিক ৬ শতাংশ এবং ঘুষ দিয়েছেন ৬৯ দশমিক ১ শতাংশ মানুষ। রংপুর বিভাগে এ হার যথাক্রমে ৮৫ দশমিক ৭ শতাংশ ও ৬২ দশমিক ৮ শতাংশ।
রাজধানী ঢাকা বিভাগে দুর্নীতির শিকার হওয়ার হার ৮০ দশমিক ১ শতাংশ এবং ঘুষ দেওয়ার হার ৬৩ দশমিক ৯ শতাংশ। চট্টগ্রাম বিভাগে এ হার যথাক্রমে ৭৯ দশমিক ৪ শতাংশ ও ৫৯ দশমিক ৪ শতাংশ। সিলেট বিভাগে দুর্নীতির শিকার হয়েছেন ৭৯ দশমিক ৩ শতাংশ মানুষ এবং ঘুষ দিয়েছেন ৫৮ দশমিক ৯ শতাংশ।
দেশে সবচেয়ে কম দুর্নীতি ও ঘুষের অভিজ্ঞতা পাওয়া গেছে রাজশাহী বিভাগে। সেখানে দুর্নীতির শিকার হওয়ার হার ৭২ দশমিক ৯ শতাংশ এবং ঘুষ দেওয়ার হার ৫৮ দশমিক ৮ শতাংশ।
জাতীয় পর্যায়ে জরিপে অংশ নেওয়া ৮১ দশমিক ৬ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা কোনো না কোনো ভাবে দুর্নীতির শিকার হয়েছেন। এছাড়া ৬৩ দশমিক ৬ শতাংশ মানুষ সেবা নিতে গিয়ে ঘুষ দিয়েছেন। জরিপে অংশ নেওয়া ৮১ দশমিক ৫ শতাংশ পরিবারের মতে, ঘুষ ছাড়া সরকারি সেবা পাওয়া কঠিন।
টিআইবির তথ্য অনুযায়ী, ২০২৩ সালের মতো ২০২৫ সালেও পাসপোর্ট সেবা (৭৬ দশমিক ৬ শতাংশ) এবং বিআরটিএ (৬৩ দশমিক ৫ শতাংশ) থেকে সেবা নিতে গিয়ে সবচেয়ে বেশি মানুষ ঘুষ ও দুর্নীতির শিকার হয়েছেন। এরপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, কৃষি, ভূমি এবং বিচার সংশ্লিষ্ট সেবা। এসব খাতে পরিবার প্রতি গড় ঘুষের পরিমাণও সবচেয়ে বেশি।
তবে ইতিবাচক দিক হলো, ২০২৩ সালের তুলনায় পরিবারপ্রতি গড় ঘুষের পরিমাণ প্রায় ১০ শতাংশ কমেছে। ২০২৫ সালে পরিবার প্রতি গড় ঘুষের পরিমাণ ছিল ৫ হাজার ১২৪ টাকা।
প্রতিবেদনে বলা হয়েছে, বিভাগ ভেদে দুর্নীতির মাত্রায় কিছু পার্থক্য থাকলেও দেশের প্রায় সব অঞ্চলে দুর্নীতি ও ঘুষ একটি কাঠামোগত সমস্যা হিসেবে রয়ে গেছে। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, বিচার বিভাগ, কৃষি, স্থানীয় সরকার, ভূমি, শিক্ষা, স্বাস্থ্য, পাসপোর্ট ও বিআরটিএ সেবায় দুর্নীতির প্রবণতা উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||