কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধি :

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নবনিযুক্ত কোষাধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. খসরুল আলম। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে তিনি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় কোষাধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
যোগদানের সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান নবনিযুক্ত কোষাধ্যক্ষকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. মো. খসরুল আলম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, প্রশাসন ও সার্বিক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে গত ২৭ আগস্ট রাষ্ট্রপতির অনুমোদনক্রমে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১-এর ১৩(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. খসরুল আলমকে কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ জারিকৃত প্রজ্ঞাপনে তাকে চার বছর মেয়াদে অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত—যেটি আগে ঘটে—এই পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক ড. মো. খসরুল আলম কোষাধ্যক্ষ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কর্তৃক প্রদত্ত দায়িত্বও তিনি পালন করবেন।
তার যোগদানের মধ্য দিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||