
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কৃতিসন্তান, প্রখ্যাত সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব কাজী জেসিন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে বৃহস্পতিবার (৬ আগস্ট) জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
কাজী জেসিনের এ নিয়োগে গাইবান্ধার গোবিন্দগঞ্জবাসীর মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এটিকে গোবিন্দগঞ্জের জন্য গৌরবের বিষয় হিসেবে দেখছেন।
জানা গেছে, কাজী জেসিনের পৈত্রিক বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পুরাতন বন্দর এলাকায়। তিনি কাজী পেয়ারার জনক এবং গোবিন্দগঞ্জের আরেক কৃতিসন্তান, দেশবরেণ্য কৃষিবিজ্ঞানী কাজী এম. বদরুদ্দোজার ভাতিজি।
সাংবাদিকতা ও গণমাধ্যমে দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী কাজী জেসিন দেশের সুপরিচিত একজন সাংবাদিক, উপস্থাপিকা ও মিডিয়া ব্যক্তিত্ব। তিনি গাজী টিভি, বিবিসি বাংলা, একুশে টেলিভিশনসহ দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার জন্য তিনি সাংবাদিক মহলে বিশেষভাবে পরিচিত।
গণমাধ্যম সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বে বাংলাদেশ টেলিভিশন আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং দর্শকবান্ধব সম্প্রচারমাধ্যম হিসেবে এগিয়ে যাবে।
এদিকে, কাজী জেসিনের এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে সাংবাদিক, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা তাঁর সফল নেতৃত্ব, সুস্বাস্থ্য এবং পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||