
গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানী) সংসদীয় আসনের সংসদ সদস্য ড. কে এম বাবরের বাড়িতে ক্লিনিক ভাংচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিক্ষুব্ধ জনতা এ হামলা ও অগ্নিসংযোগ করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রের দাবি, গত কয়েকদিন ধরে গোপালগঞ্জে গ্রেফতার, হয়রানি ও আইনশৃঙ্খলা পরিস্থিতিকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় একদল বিক্ষুব্ধ মানুষ এমপি বাবরের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে ও তার ব্যক্তিগত ক্লিনিক ভাংজচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কেউ হতাহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
বিক্ষুব্ধদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে সাধারণ ও নিরীহ মানুষকে বারবার গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে। এছাড়া গ্রেফতারের নামে বাণিজ্যের অভিযোগ নিয়েও মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। এসব অভিযোগের প্রতিবাদ ও ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই ধারাবাহিকভাবে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে বলে স্থানীয় কয়েকজন দাবি করেছেন।
অন্যদিকে, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিকে কেন্দ্র করেও গত কয়েকদিন ধরে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় বিক্ষোভ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটেছে। এসব ঘটনাকে ঘিরে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
তবে এমপি বাবরের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত এবং কী কারণে হামলার সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||