গোবিপ্রবি প্রতিবেদক :

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ও বিভিন্ন বিদ্যমান সমস্যা পর্যালোচনায় বিশ্ববিদ্যালয় সফর করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সম্মানিত সদস্য অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন। শনিবার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নাজমুস সাদাত-এর আমন্ত্রণে তিনি এ সফরে আসেন।
ক্যাম্পাসে পৌছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান উপাচার্য অধ্যাপক ড. মোঃ নাজমুস সাদাত। সফরকালে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে ইউজিসি সদস্যের সাথে উপাচার্যের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে উপাচার্য অধ্যাপক ড. মোঃ নাজমুস সাদাত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক উন্নয়নের স্বার্থে একটি আধুনিক অডিটোরিয়াম নির্মাণ, দ্রুত শিক্ষক সংকট দূরীকরণ, বিদ্যমান অবকাঠামোগত সমস্যার সমাধান এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। ইউজিসি সদস্য অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন উত্থাপিত বিষয়গুলো অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ সমুন্নত রাখতে সমস্যাগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এস. এম. আহসান, শিক্ষার্থী উপদেষ্টা গাজী মাহবুব এবং বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||