সাবিনা ইয়াসমিন কণা :

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ পৌরসভার পৌর পার্কে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬।
জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলা উপলক্ষে ২৬ জুলাই সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ পৌর পার্কে অবস্থিত মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে আনুষ্ঠানিকভাবে বৃক্ষমেলার উদ্বোধন করা হয়।
মেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা নিয়ে বিভিন্ন স্টল সাজানো হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং গোপালগঞ্জ শহরকে আরও সবুজ ও বাসযোগ্য করে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হচ্ছে মেলায়।
আয়োজকরা জানান, শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। তাই মেলায় আগত দর্শনার্থীদের বেশি করে গাছ লাগানোর পাশাপাশি লাগানো গাছের যত্ন নেওয়ার বিষয়ে সচেতন করা হচ্ছে।
মেলায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও পরিবারসহ দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই নিজেদের বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও খালি জায়গায় লাগানোর জন্য বিভিন্ন ধরনের চারা সংগ্রহ করছেন।
পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং শহর ও গ্রামাঞ্চলে সবুজায়ন বাড়াতে এ ধরনের বৃক্ষমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, সবুজ ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||