শৈলেন্দ্রনাথ মজুমদার, নিজস্ব প্রতিবেদক :

গোপালগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ক্লুলেস চুরি মামলার ২ জন আসামীকে খুলনা থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন।
গত ৯ই ফেব্রুয়ারি আনুমানিক দুপুর ১টা ৩৬ মিনিটে গোপালগঞ্জ সদর থানাধীন ইসলামী ব্যাংকের ম্যানেজারের অফিস কক্ষের টেবিলের নিচ থেকে ফজলুল হকের নগদ ২০,০০,০০০/= (বিশ লক্ষ) টাকা চুরি করে নিয়ে যায় অজ্ঞাতনামা চোরেরা।
এ ব্যপারে ফজলুল হক বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে সদর থানার মামলা নং-২৫ ধারা-৪৫৪/৩৮০ পেনাল কোড-১৮৬০ রুজু হয়।
গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এর নির্দেশে এই ক্লুলেস মামলা গোপালগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান কামালের নেতৃত্বে, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) মো. হাসানুর রহমান বিশেষ অভিযান চালান। অভিযানে মো. টিটন খান (৩৬) মো. ইউনুস শেখ (৪৭) নামক ২ জন পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য খুলনা জেলার দিঘলিয়া থানা এলাকা থেকে গ্রেফতার করেন।
জেলা গোয়েন্দা শাখার তথ্যানুযায়ী পাওয়া যায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্য প্রযুক্তির সহায়তা এবং ধারাবাহিক অভিযানের ফলে মামলার ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয় তারা।
এ সময় গ্রেফতারকৃত দুই চোর চক্রের সদস্যদের নিকট হতে নগদ ২৭,০০০ (সাতাশ হাজার) টাকা, ১৬,৩৮,০০০ (ষোলো লক্ষ আটত্রিশ হাজার) টাকা দিয়ে ক্রয়কৃত জমির দলিলের রশিদ, চুরির কাজে ব্যবহৃত সুজুকি ব্র্যান্ডের কালো রঙের ১৫৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। জানা যায় আসামিরা পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের নামে দেশের বিভিন্ন জেলার বিভিন্ন থানায় মোট ১৫ টি মামলা বিচারাধীন আছে।।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||