
গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরসহ ১০টি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ইলিয়াস ফকির নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক যাত্রী।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকারের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এর পরপরই পেছন থেকে আসা একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোট ১০টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি পণ্যবাহী ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে। সংঘর্ষের পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
এ সময় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরও দুর্ঘটনার কবলে পড়ে। তাঁর গাড়িবহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সংসদ সদস্যের গাড়িও কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত ও সুস্থ রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দুর্ঘটনায় রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ইলিয়াস ফকির গুরুতর আহত হন। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তাঁর মৃত্যু হয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
এদিকে একসঙ্গে একাধিক যানবাহনের সংঘর্ষে মহাসড়কজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাতে সহযোগিতা করেন।
দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে কীভাবে প্রথম সংঘর্ষের সূত্রপাত এবং পরপর এতগুলো যানবাহন কীভাবে দুর্ঘটনায় জড়িয়ে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||