
গোপালগঞ্জে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় জেলার বেদগ্রাম এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
মিছিলের নেতৃত্বে ছিলেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের নেতা হিমেল। এ সময় মিছিলে শেখ সাহাবুদ্দিন হিটু, মোল্লা রনি হোসেন কালু, রিপন মোল্লা, নিউটন মোল্লাসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সমর্থকরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে একদল নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করেন। পরে মশাল জ্বালিয়ে মিছিলটি ঢাকা–খুলনা মহাসড়কের দিকে যায়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।
মশাল মিছিলের কারণে ঢাকা–খুলনা মহাসড়কে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। কর্মসূচিকে কেন্দ্র করে সড়কে যান চলাচলেও প্রভাব পড়ে বলে স্থানীয়রা জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, লকডাউন কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় দিনভর নানা কর্মসূচি পালিত হয়েছে। সন্ধ্যার পর বেদগ্রাম এলাকায় বিক্ষোভ ও মশাল মিছিলের মধ্য দিয়ে কর্মসূচির সমর্থনে নিজেদের অবস্থান জানান দেন অংশগ্রহণকারীরা।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। তবে মিছিলকে কেন্দ্র করে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||