বিশেষ প্রতিবেদক, কাজী মাহমুদ :

গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নে মাছের ঘেরের পাড়ে রোপণ করা পাঁচ শতাধিক বিভিন্ন জাতের গাছের চারা কেটে ও ভেঙে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মুছা শেখের অভিযোগ, রাতের আঁধারে দুর্বৃত্তরা তাঁর মাছের ঘেরের পাড়ে লাগানো প্রায় ৫০০ গাছের চারা কেটে, ভেঙে মাটিতে ফেলে দেয়। এতে তাঁর প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
মুছা শেখ বলেন, তিনি পল্লী বিদ্যুতে চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে মুন্সিগঞ্জ এলাকায় বসবাস করেন। গ্রামের বাড়িতে তাঁর কয়েকটি বড় মাছের ঘের রয়েছে। ঘেরের পাড় সংরক্ষণ ও পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির জন্য তিনি বিভিন্ন জাতের প্রায় পাঁচ শতাধিক গাছের চারা রোপণ করেছিলেন।
তিনি অভিযোগ করে বলেন, ‘গ্রামের কিছু মানুষ আমার ভালো দেখতে না পেরে প্রতিহিংসাবশত এ ঘটনা ঘটিয়েছে। রাতের আঁধারে আমার এতগুলো গাছ কেটে ফেলে প্রায় দুই লাখ টাকার ক্ষতি করা হয়েছে।’
মুসা শেখ আরও বলেন, গাছ কাটার ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে তাঁর মাছের ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধন কিংবা তাঁর ওপর হামলার আশঙ্কাও করছেন তিনি। এ কারণে বিষয়টি নিয়ে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।
একই সঙ্গে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মুছা শেখ।
এ বিষয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য কামাল পাশা বলেন, ‘যারা রাতের আঁধারে গাছের চারা কেটে মাটি থেকে উপড়ে ফেলে, তারা সমাজের জন্য ভয়ংকর। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।’
স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে এভাবে গাছ কেটে ফেলার ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কি না কিংবা কাউকে আটক করা হয়েছে কি না, তা জানা যায়নি।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||