
গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী উত্তর পাড়া শ্রীশ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে তিন দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে পদাবলী কীর্তনের আধ্যাত্মিক তাৎপর্য, প্রেম, ভক্তি ও মানবিক মূল্যবোধ নিয়ে আলোচনা করেন বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরেন্দ্রনাথ মণ্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদার, গোপালগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রহমান সিকদার ও বিশ্বদেব হালদার।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ধর্মীয় আলোচনা করেন তুহিন কান্তি চক্রবর্তী।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হারান চন্দ্র মণ্ডল, মৃত্যুঞ্জয় মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আলোচনায় বিশ্বদেব হালদার ও তুহিন কান্তি চক্রবর্তী বক্তব্য দেন।
বক্তারা বলেন, পদাবলী কীর্তন শুধু সংগীত পরিবেশনা নয়, এটি প্রেম, ভক্তি ও আত্মিক অনুভূতির এক অনন্য প্রকাশ। রাধা-কৃষ্ণের প্রেমলীলা, বিরহের বেদনা, মিলনের আনন্দ এবং ঈশ্বরের প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের মধ্য দিয়ে পদাবলী কীর্তন মানুষের হৃদয়ে আধ্যাত্মিক চেতনা জাগিয়ে তোলে।
তাঁরা আরও বলেন, আধুনিক জীবনের ব্যস্ততা, স্বার্থপরতা ও মানসিক অস্থিরতার মধ্যে পদাবলী কীর্তন মানুষকে ভালোবাসা, বিনয়, সহমর্মিতা ও শান্তির শিক্ষা দেয়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি এ ধরনের আয়োজন মানুষের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকেরা জানান, তিন দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে ভক্তদের মধ্যে আধ্যাত্মিক চেতনা ছড়িয়ে দেওয়া এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য জোরদার করাই তাঁদের মূল উদ্দেশ্য।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||