এ জেড আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জে বিভিন্ন স্থানে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটারদের মাঝে আতঙ্ক ও নির্বাচনি পরিবেশ নষ্ট করতে দুর্বৃত্তদের এই ককটের বিস্ফোরণ বলে ধারণা করছে অনেকে।
ককটেল বিস্ফোরণের সাথে জড়িত সন্ধেহে জিসান মোল্লান নামক একজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে একের পর এক এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।
গোপালগঞ্জ জেলা সদরের পৌরসভার নিলার মাঠ এলাকার ১১৬ শহিদ মাহাবুব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, টুঙ্গিপাড়া উপজেলার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয়, মাঝিগাতি বাজার, দূর্গাপুর হাইস্কুল কেন্দ্র, এস এম মডেল সরকারি স্কুল, বীণাপাণি বালিকা উচ্চ বিদ্যালয়, মান্দারতলা বিশ্বরোডে, ঘোষেরচর বোর্ড স্কুল ভোট কেন্দ্র, পাওয়ার হাউজের মোড়, ডালনিয়া উচ্চ বিদ্যালয়, শহরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ও সিঙ্গা মলবাড়ি প্রাইমারি বিদ্যালয় ভোট কেন্দ্রে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এই বিস্ফোরণে বিকট শব্দ হয়, যা শহরজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। তবে এই ঘটনার পর কেউ হতাহত হননি। বিস্ফোরণের পর থেকে পুরো শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে ড্রোন মনিটরিং এবং ডগস্কয়াড-এর মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণে রয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা ও সতর্ক অবস্থায় যৌথবাহিনী রয়েছে।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এটি আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ঘটানো হচ্ছে।
তিনি আরো জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করেছে। এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে।
এর আগে শহরে ছয়টি সরকারি স্থাপনায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে সদর থানা চত্বরের মধ্যে, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ের সামনের সড়কে, জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে, গোপালগঞ্জের বেদগ্রাম আনসার ক্যাম্পের সামনে ও গোপালগঞ্জ পৌরসভার কাছে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||