মো. মাছুম বিল্লাহ, নিজস্ব প্রতিবেদক :

গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের শশাবাড়ীয়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একটি পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি, জমির ধান কেটে নেওয়া, বসতঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজনকে অভিযুক্ত করে গোপালগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দেওয়ার চেষ্টা করলেও ব্যার্থ হন তারা।
অভিযোগকারী পরিবারের দাবি, তারা আওয়ামী লীগ সমর্থক হওয়ায় গত ৫ আগস্ট ২০২৪ সালের পর থেকে রাজনৈতিক পরিচয়ের কারণে বিভিন্নভাবে হয়রানি, মামলা, চাঁদাবাজি ও নির্যাতনের শিকার হয়ে আসছেন। অভিযুক্তদের মধ্যে কয়েকজন স্থানীয় বিএনপির বিভিন্ন পদে রয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
থানায় দেওয়া অভিযোগে শশাবাড়ীয়া এলাকার জোসনা বেগম (৫১) দাবি করেন, দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সঙ্গে তাদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে তাদের পরিবারকে এলাকা ছাড়া করতে বিভিন্নভাবে ভয়ভীতি ও চাপ প্রয়োগ করা হচ্ছে।
অভিযোগে বলা হয়, গত ৭ নভেম্বর ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে অভিযুক্তরা জোসনা বেগমের ভাসুরের ছেলে সেলিম খানকে প্রকাশ্যে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন। এ সময় তাদের পরিবারকে এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে বলা হয়। অন্যথায় বড় ধরনের ক্ষতি করা হবে বলেও হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।
এরপর গত ১৬ নভেম্বর সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকার সুযোগে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে বসতবাড়ির উত্তর পাশের জমি থেকে জোরপূর্বক ধান কেটে নিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ওই ধানের আনুমানিক মূল্য ২০ হাজার ৫০০ টাকা বলে অভিযোগকারীর দাবি।
অভিযোগে আরও বলা হয়, একই দিন সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে অভিযুক্তরা ধারালো অস্ত্রসহ ওই পরিবারের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করেন। এ সময় একজন অভিযুক্ত অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে বাড়িঘর ভেঙে ফেলার নির্দেশ দেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারী জোসনা বেগমের দাবি, একপর্যায়ে অভিযুক্তরা ঘরের ভেতরে প্রবেশ করে তাকে উদ্দেশ করে তার ছেলেদের বাড়িতে ডেকে আনতে বলেন এবং তাদের হত্যার হুমকি দেন। একই সঙ্গে পরিবারকে এলাকা ছেড়ে না গেলে রাতের অন্ধকারে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় পরিবারটির সদস্যদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। যেকোনো সময় বসতবাড়িতে অগ্নিসংযোগ কিংবা পরিবারের সদস্যদের ওপর হামলা হতে পারে—এমন আশঙ্কাও প্রকাশ করেছেন তারা।
অন্যদিকে, মো. সেলিম খান নামে পরিবারের আরেক সদস্য পৃথক অভিযোগে দাবি করেছেন, তারা আওয়ামী লীগ পরিবারের সদস্য এবং দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের কর্মী-সমর্থক হিসেবে এলাকায় অবস্থান করছেন। তার ভাই আব্দুল্লাহ আল মামুন গোপালগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে সম্পৃক্ত বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সেলিম খানের অভিযোগ, ৫ আগস্ট ২০২৪ সালের পর থেকে তাদের পরিবারকে রাজনৈতিক কারণে নানাভাবে হয়রানি, মামলা, চাঁদাবাজি ও জুলুমের শিকার হতে হয়েছে। এমনকি তাদের বাড়িঘরে আগুন, লুটপাট এবং ব্যবসাপ্রতিষ্ঠান দখলের মতো ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন।
অভিযোগে তিনি আরও দাবি করেন, তার বাড়িতে হামলার সময় ৮টি সিসি ক্যামেরা ভেঙে নিয়ে যাওয়া হয় এবং বৈদ্যুতিক মিটারের তার কেটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে এবং আরও ৫০ থেকে ৬০ জন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগকারী সেলিম খান যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তাদের মধ্যে শাহিদ মোল্লা, নাজমুল হুদা ওরফে আলক মোল্লা, শিপলী, সুজন মোল্লা, শরিফুল ইসলাম রিপন খান, মহিদুল খান, নাঈম খান, লিটন খান, শাকিব, রবিউল ইসলাম ও হাফিজ শেখের নাম রয়েছে। তাদের মধ্যে কয়েকজন স্থানীয় বিএনপির বিভিন্ন পদে রয়েছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।
এ ছাড়া গোপালগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে নিবন্ধিত একটি কমিশন দলিল নিয়েও গুরুতর অভিযোগ তুলেছেন সেলিম খান। অভিযোগে দলিল নম্বর ৭৯২০ এবং তারিখ ৮ নভেম্বর ২০২৬ উল্লেখ করে তিনি দাবি করেন, দলিলটি সম্পাদনের ক্ষেত্রে নিয়ম অনুসরণ করা হয়নি।
তার অভিযোগ, দলিলের গ্রহীতা দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করলেও দলিল সম্পাদনের সময় তিনি উপস্থিত ছিলেন না। এছাড়া দলিলে গ্রহীতার সঙ্গে পারিবারিক সম্পর্কের যে তথ্য উল্লেখ করা হয়েছে, সেটিও সঠিক নয় বলে দাবি করেন তিনি।
সেলিম খানের আরও অভিযোগ, আর্থিক লেনদেনের মাধ্যমে দলিলটি সম্পাদন করা হয়েছে এবং দলিলে গ্রহীতার স্বাক্ষর জাল করা হয়েছে। বিশেষ করে দলিলের ১৭ নম্বর ক্রমিকে গ্রহীতার স্বাক্ষর জাল করা হয়েছে বলে তিনি দাবি করেছেন।
তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। দলিলটি কীভাবে সম্পাদিত হয়েছে এবং এতে কোনো অনিয়ম হয়েছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের বিষয়।
সেলিম খান বলেন, তাদের পরিবার আইন নিজের হাতে তুলে নিতে চায় না। এ কারণে তারা হামলা, হুমকি, ভাঙচুর, লুটপাট, ধান কেটে নেওয়া এবং দলিল-সংক্রান্ত অভিযোগের বিষয়ে আইনগত প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ করতে চাইলে ব্যার্থ হন।
অভিযোগকারীদের দাবি, স্থানীয় রাজনৈতিক প্রভাবের কারণে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তারা নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন। এ অবস্থায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।
গোপালগঞ্জ সদর থানা পুলিশ অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে ঘটনার সত্যতা ও আইনগত বিষয় পর্যালোচনা করে ব্যবস্থা নেবে বলে আশা করছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||