মো. সাবিদ হাসান মিয়া ভ্রাম্যমান রিপোর্টার :

গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে বলেশ্বর পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
শনিবার (২১ নভেম্বর ২০২৬) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর বাসস্ট্যান্ডের পাশের ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বলেশ্বর পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা দুই আরোহী গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
প্রাথমিকভাবে নিহত দুজনের পরিচয় সম্পর্কে জানা গেছে, তারা খুলনা থেকে গোপালগঞ্জের দিকে আসছিলেন এবং পেশায় চিকিৎসক। তবে তাদের পূর্ণাঙ্গ পরিচয় ও বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের মরদেহ উদ্ধারের ব্যবস্থা করে।
দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নিহতদের পরিচয় নিশ্চিত হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||