বিশেষ প্রতিবেদক, কে এম সাইফুর রবমান :

গোপালগঞ্জে অবৈধভাবে মাটি কাটা ও বাণিজ্যিক ভিত্তিতে মাটি বিক্রির বিরুদ্ধে অবশেষে কঠোর অবস্থানে গেছে স্থানীয় প্রশাসন। জেলা প্রশাসনের নির্দেশনায় পরিচালিত অভিযানে একটি ভেকু (এক্সকাভেটর) মেশিন জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের করপাড়া বাসস্ট্যান্ডের পর থেকে বৌলতলী বাসস্ট্যান্ডের পূর্ববর্তী এলাকায় সরকারের প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে সম্প্রসারিত আঞ্চলিক সড়কের পাশ থেকে দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র ভেকু মেশিন ব্যবহার করে মাটি কেটে বাণিজ্যিকভাবে বিক্রি করে আসছিল। এতে সড়ক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশেরও ব্যাপক ক্ষতি হচ্ছিল বলে অভিযোগ ওঠে।
একাধিক পরিবেশবাদী, মানবাধিকারকর্মী ও গণমাধ্যমকর্মীর অনুসন্ধানে বিষয়টি সামনে আসে। পরে পরিবেশবাদী, মানবাধিকার ও গণমাধ্যমকর্মী কে এম সাইফুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজ ‘Press Saifur’-এ গত ২৯ জুন “প্রশাসনের নিষ্ক্রিয়তায় ভেকু মেশিন দিয়ে কোটি টাকার মাটি বিক্রির মহোৎসব চলছে” শীর্ষক একটি ভিডিও প্রকাশ করলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এরপর জেলা প্রশাসকের দিকনির্দেশনায় সোমবার (২৯ জুন) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে সদর উপজেলা প্রশাসন অভিযানে নামে।
অভিযানে নেতৃত্ব দেন গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমিন শরিফ। মোবাইল কোর্ট পরিচালনার সময় গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের করপাড়া ও বৌলতলী এলাকার মাঝামাঝি স্থানে অননুমোদিত পুকুর খনন, জমির শ্রেণি পরিবর্তন, মহাসড়কের পাশের মাটি অপসারণ এবং বাণিজ্যিকভাবে মাটি বিক্রির প্রমাণ পাওয়া যায়।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে একটি বড় আকারের ভেকু মেশিন জব্দ করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে জব্দকৃত ভেকু মেশিনটি স্থানীয় ওয়ার্ড সদস্যের নিকট সাময়িক জিম্মায় প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০, মহাসড়ক আইন, ২০২১, দণ্ডবিধি, ১৮৬০ এবং প্রযোজ্য অন্যান্য আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজুর নির্দেশ দেন। পাশাপাশি সাময়িক জিম্মাদারের নিকট থেকে জব্দকৃত ভেকু মেশিন থানার হেফাজতে নেওয়ারও নির্দেশ প্রদান করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি জমি দখল, অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ভেকু মেশিন ব্যবহার করে ফসলি জমির শ্রেণি পরিবর্তন এবং বাণিজ্যিকভাবে মাটি বিক্রির মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||