
গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা ইসলাম সারা’র মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়; শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করে বাড়ির পাশের কচুক্ষেতে ফেলে রেখে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় কবর থেকে শিশুটির লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন তার মা ও স্বজনরা।
গত ৪ সেপ্টেম্বর গোপালগঞ্জে দৈনিক বাস্তব ঘটনা পত্রিকার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহত শিশু সাহারা ইসলাম সারা’র মা মুক্তা বেগম ও খালা মিতা বেগম এসব অভিযোগ করেন।
পরিবারের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ সাত বছর পর সাগর খাকি ও মুক্তা বেগম দম্পতির ঘরে জন্ম নেয় সাহারা ইসলাম সারা। একমাত্র সন্তানকে হারিয়ে বর্তমানে শোকাহত মা-বাবা ও স্বজনরা। তাদের দাবি, গত ১১ আগস্ট শিশুটিকে বাড়ির পাশের কচুক্ষেতে নিথর অবস্থায় পাওয়া যায়।
সংবাদ সম্মেলনে সাহারার মা মুক্তা বেগম অভিযোগ করেন, ঘটনার দিন তার মেয়ে দাদুর ঘরে আম খাচ্ছিল। পরে তার ভাসুর উজ্জল খাকি ও তার স্ত্রী শিশুটিকে তাদের ঘরে নিয়ে যান। এরপর তিনি রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন।
মুক্তা বেগমের দাবি, একপর্যায়ে প্রতিবেশী মাজেদা বেগম তার রান্নাঘরে এলে তিনি সাহারার কথা জানতে চান। তখন তিনি জানান, মেয়ে তার বড় চাচা-চাচির ঘরে রয়েছে। কিছুক্ষণ পর উজ্জল খাকি রান্নাঘরের পাশের টিউবওয়েলে দ্রুত গোসল করে চলে যান বলেও দাবি করেন তিনি।
পরে মেয়েকে খুঁজতে গিয়ে মুক্তা বেগম জানতে পারেন, সাহারা ঘরে নেই। এরপর আশপাশে খোঁজাখুঁজি শুরু করলে বাড়ির পাশের কচুক্ষেতে শিশুটিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বলে জানান তিনি।
পরিবারের অভিযোগ, সাহারার শরীরে বুক, মুখ, পেট ও নাভির আশপাশে আঘাতের চিহ্ন ছিল। বিশেষ করে নাভির পাশে পোড়া ক্ষতচিহ্ন কীভাবে সৃষ্টি হলো—এ নিয়ে তাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে। শিশুটি অল্প পানিতে ডুবে মারা গেলে শরীরে এমন চিহ্ন থাকার কথা নয় বলেও দাবি করেন তারা। তবে এসব অভিযোগের সত্যতা ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।
শিশুটির মৃত্যুর পর তড়িঘড়ি করে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। তাদের দাবি, সাহারার বাবা সাগর খাকি ঢাকা থেকে গ্রামে ফিরে এলেও তাকে মেয়ের লাশ ভালোভাবে দেখতে কিংবা স্পর্শ করতে দেওয়া হয়নি।
পরিবারের আরও অভিযোগ, বংশের মুরুব্বি নুরু খাকি, বদর খাকি ও অন্য কয়েকজনের তৎপরতায় দ্রুত লাশ দাফন করা হয়। এতে তাদের সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।
মুক্তা বেগম বলেন, “আমার মেয়ের স্বাভাবিক মৃত্যু হয়নি। আমরা মনে করি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ন্যায়বিচারের স্বার্থে দ্রুত কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করা হোক। ময়নাতদন্তের প্রতিবেদনই প্রকৃত সত্য বের করে আনতে পারে।”
তিনি আরও বলেন, “আমরা গরিব ও অসহায়। সাংবাদিকদের মাধ্যমে প্রশাসন ও আদালতের কাছে আমাদের একমাত্র সন্তানের মৃত্যুর সঠিক তদন্ত এবং ন্যায়বিচারের দাবি জানাচ্ছ।
শিশুটিকে উদ্ধারের পর ফুকরা বাজারের গ্রাম্য চিকিৎসক প্রশান্ত বাগচীর কাছে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে পরিবার। তাদের দাবি, ওই চিকিৎসক প্রথমে শিশুটিকে পরীক্ষা করে জানান, সে অনেক আগেই মারা গেছে এবং পানিতে পড়ে তার মৃত্যু হয়নি। একই সঙ্গে শিশুটির নাভির আশপাশে পোড়া ক্ষতচিহ্ন ছিল বলেও তিনি জানিয়েছিলেন বলে পরিবারের দাবি।
তবে পরবর্তীতে প্রশান্ত বাগচী সাংবাদিকদের কাছে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেছেন স্বজনরা। এতে ঘটনাটি নিয়ে আরও বিভ্রান্তি তৈরি হয়েছে বলে দাবি তাদের।
এ বিষয়ে জানতে চাইলে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. ফারুক বলেন, “একজন গ্রাম্য ডাক্তার কোনো অবস্থাতেই কারও মৃত্যুর বিষয়ে ঘোষণা দিতে পারেন না। যদি কেউ এমনটি করে থাকেন, তাহলে বিষয়টি তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় পরিবারের অভিযোগের বিষয়ে অভিযুক্ত উজ্জল খাকি ও সোহেল খাকির বক্তব্য জানতে তাদের গ্রামের বাড়িতে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেও তাদের পাওয়া যায়নি। ফলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
অভিযুক্ত বংশের মুরুব্বি বদর খাকির বক্তব্য জানতে গ্রামে গেলে স্থানীয়রা জানান, তিনি তাবলিগ জামাতে গেছেন।
অপর মুরুব্বি নুরু খাকির বক্তব্য জানতে তার বাড়িতে গেলে তার স্ত্রী জানান, তিনি বোয়ালিয়া বাজারে গেছেন। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে নুরু খাকি জানান, তিনি ব্যবসায়িক কাজে দূরে রয়েছেন এবং পরে সাক্ষাৎকার দেবেন।
শিশু সাহারা ইসলাম সারা’র ময়নাতদন্ত করতে না দেওয়া, তার বাবাকে লাশ দেখতে না দেওয়া এবং দ্রুত দাফনের বিষয়ে জানতে চাইলে নুরু খাকি বলেন, “ওই ওয়ার্ডের হাসিব মেম্বারের মাধ্যমে জানতে পেরেছি মেয়েটি পানিতে পড়ে মারা গেছে। আমি সেখানে যাইনি। আমি ব্যবসায়িক কাজে দূরে ছিলাম।”
শিশু সাহারা ইসলাম সারা’র মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে আদালতের সহযোগিতায় দ্রুত কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তার মা-বাবা ও স্বজনরা।
তাদের ভাষ্য, শিশুটির শরীরে থাকা আঘাত বা পোড়া ক্ষতচিহ্নের প্রকৃতি এবং মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের মাধ্যমেই বৈজ্ঞানিকভাবে নির্ধারণ করা সম্ভব। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
তবে শিশুটিকে হত্যা করা হয়েছে—পরিবারের এই অভিযোগ এখনো তদন্ত বা ময়নাতদন্তের মাধ্যমে প্রমাণিত হয়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে আইনগত তদন্ত ও ময়নাতদন্তের ফলাফলই গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||