মিঠুন হাসান জাকারিয়া, স্টাফ রিপোর্টার :

গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামে অভিযান চালিয়ে দুটি অবৈধ গাঁজা গাছসহ ইমামুল হক শিকদার (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ জানায়, গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহর নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, উলপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের ইমামুল হক শিকদার তার বসতবাড়ির পশ্চিম পাশের জঙ্গলে অবৈধভাবে গাঁজা চাষ করেছেন।
সংবাদের ভিত্তিতে ওসি ডিবির নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পরে ইমামুল হক শিকদারের দেখানো স্থান থেকে চাষ করা দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
গত ২১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রাত সাড়ে ১১টার দিকে সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা তৈরি করে গাঁজা গাছ দুটি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||