এ জেড আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ইউনিয়নের বেদভিটা গ্রামে তিন দিন নিখোঁজ থাকার পর পরি রানী হাজরা (বৃদ্ধা) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের একটি পাটখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পরি রানী হাজরা গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি। সোমবার সকালে বাড়ির সামনে রাস্তার পাশে পাটখেতের দিক থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা সেখানে গিয়ে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের ছেলে মৃণাল হাজরা অভিযোগ করে বলেন, ‘তিন দিন ধরে আমার মা নিখোঁজ ছিলেন। আজ সকালে বাড়ির সামনে রাস্তার পাশে পাটখেতের দিক থেকে দুর্গন্ধ পেয়ে সেখানে গিয়ে মায়ের মরদেহ দেখতে পাই। কে বা কারা তাঁকে হত্যা করে সেখানে ফেলে গেছে, তা আমরা বুঝতে পারছি না। আমার মায়ের কানে ও নাকে স্বর্ণের গয়না ছিল। সেগুলোও পাওয়া যাচ্ছে না।’
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, পরি রানী হাজরা তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। সোমবার সকালে বাড়ির পাশের পাটখেত থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় ঘটনাস্থলে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। বৃদ্ধার মৃত্যুর পেছনে হত্যা, নাকি অন্য কোনো কারণ রয়েছে—ময়নাতদন্ত ও তদন্ত শেষে তা স্পষ্ট হবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||