এ জেড আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জ জেলা সদরের মৌলভীপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আবু আহাদ (৭৭) ও তাঁর স্ত্রী নিগার সুলতানাকে মারধরের অভিযোগও পাওয়া গেছে।
রোববার (৯ আগস্ট) সকাল আনুমানিক ৮টার দিকে একদল লোক পূর্বপরিকল্পিতভাবে তাঁদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
বীর মুক্তিযোদ্ধা আবু আহাদ ও তাঁর পরিবারের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জেরে একদল লোক তাঁদের বাড়ির সামনেে এসে ১৯৯৭ সা।ল থেকে ভোগদখল ও দলীয় সুত্রের ওয়াল ভাঙচুর শুরু করে। এ সময় বাধা দিতে গেলে আবু আহাদ ও তাঁর স্ত্রী নিগার সুলতানাকে মারধর করা হয়।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হামলায় একই এলাকার মৃত মাজেদ সিকদারের ছেলেদের মধ্যে মিটু, হিটু, বুলবুল ও টুটুল সিকদার, সামসুল হক মিটুর ছেলে হামিম ও মিনার, হিটুর ছেলে সিয়াম এবং বহিরাগত হিসেবে হায়দার সিকদারের ছেলে লিপটন ও মিলটনসহ আরও কয়েকজন জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঘটনার সময় ধারণ করা ভিডিও ফুটেজে কয়েকজন হামলাকারীকে দেখা গেছে। ভিডিওতে সামসুল হক মিটু সিকদারের কোমরের কাছে হাতুড়িসদৃশ একটি বস্তু রাখার দৃশ্যও দেখা যায় বলে ভুক্তভোগীরা দাবি করেছেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলার ঘটনাটি আকস্মিক নয়; বরং পূর্বপরিকল্পিতভাবে তাঁদের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা আবু আহাদ ও তাঁর পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
তবে অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য এ প্রতিবেদনে পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||