মিঠুন হাসান জাকারিয়া, স্টাফ রিপোর্টার :

সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার পর গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে জেলা সফর করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ চার বাহিনীর প্রধান।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে গোপালগঞ্জে আসেন আইজিপি মো. আলী হোসেন ফকির। তাঁর সঙ্গে ছিলেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
সফরকালে চার বাহিনীর প্রধান প্রথমে গোপালগঞ্জ পুলিশ লাইন্সে যান এবং জেলা পুলিশের আয়োজিত বিশেষ কল্যাণ সভায় অংশ নেন। এর আগে ও পরে তাঁরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত স্থাপনার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এরপর দুপুরে তাঁরা গোপালগঞ্জ সার্কিট হাউসে অবস্থান করেন। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বলে জানা যায়।
গোপন সূত্র জানায়, সাম্প্রতিক সহিংসতা, অগ্নিসংযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা ও যানবাহনে হামলা এবং জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনাই ছিল এই সফরের অন্যতম উদ্দেশ্য।
সফরের শুরুতে মুকসুদপুর থানাও পরিদর্শন করেন তাঁরা বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে টুঙ্গিপাড়া থানা পরিদর্শেনে তারা যাননি বলে জানা যায়।
তবে সফরকালে আইজিপি আলী হোসেন ফকির সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক কোনো ব্রিফিংয়ের আয়োজন করেননি। একপর্যায়ে গোপালগঞ্জের গণমাধ্যমকর্মীরা চলন্তবস্থায় তাঁর সঙ্গে কথা বলতে এগিয়ে গেলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে আইজিপি বলেন, “সার্বিক পরিস্থিতি আজও পর্যন্ত অনেক ভালো দেখছি, আগামীতেও ভালো থাকবে।” একই সঙ্গে জেলার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
সাম্প্রতিক সময়ে থানায় অগ্নিসংযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, থানাগুলো জনগণের জন্যই তৈরি করা হয়েছে। জনগণ যদি থানা পুড়িয়ে দেয়, তাহলে পুলিশ কীভাবে দায়িত্ব পালন করবে—এমন প্রশ্নও তোলেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পুলিশ সদস্যের সংখ্যা সীমিত; তাই জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন।
গোপালগঞ্জে সামনে কোনো বিশেষ বা সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, “জনগণ যেটা চাইবে, সেটাই সরকার সিদ্ধান্ত নেবে।”
তিনি আরও বলেন, যারা এলাকায় অশান্তি সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে। শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
চার বাহিনীর প্রধানের গোপালগঞ্জ সফরকে কেন্দ্র করে সার্কিট হাউস ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। জেলা ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||