এ জেড আমিনুজ্জামান রিপন, গোপালগঞ্জ :

গোপালগঞ্জ শহরের কাপড়পট্টি এলাকায় যৌন হয়রানি, পথরোধ করে মারধর, হত্যার উদ্দেশ্যে হামলা, চুরি, গর্ভপাত করানোর চেষ্টা এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে আরও ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে।
১৮ সেপ্টেম্বর ২০২৬ গোপালগঞ্জ সদর থানায় সুলতানশায়ী গ্রমের ইমদাদুল মোল্লার মেয়ে তিষা খানম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১০ ধারা, দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩, ৩৪১, ৩২৩, ৩০৭, ৩৭৯, ৩১৩, ১০৯ ও ১১৪ ধারা এবং সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫(১)(ক) ও ২৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে নাম উল্লেখ করা আসামিরা হলেন—গোপালগঞ্জ শহরের কাপড়পট্টির মাহামুদ সুপার মার্কেটের এলিট ফেব্রিক্সের মালিক ও বোড়াশী ইউনিয়নের হাবিবুর মোল্লার ছেলে নেয়ামুল মোল্লা; গোবরা ইউনিয়নের আবু সুফিয়ান শেখের ছেলে ও এলিট ফ্যাশনের কর্মচারী বাবুল শেখ; পারুল শপিং মলের দোকানদার সোহান; ফুটপাতের গেঞ্জি ব্যবসায়ী রাসেল; চৌরঙ্গী রোডের মা কসমেটিকসের মালিক ফয়েজ মোল্লা এবং গোপালগঞ্জ বস্ত্র মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রিটু শিকদার। এছাড়া আরও ৭/৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে ভুক্তভোগীর পথরোধ করেন। একপর্যায়ে তাকে যৌন হয়রানি, মারধর ও সাধারণ জখম করা হয়। অভিযোগে আরও বলা হয়েছে, হত্যার উদ্দেশ্যে হামলা, চুরি এবং গর্ভপাত করানোর চেষ্টার ঘটনাও ঘটেছে।
এজাহারে দাবি করা হয়, ঘটনার সময় ভুক্তভোগীর নগদ ১০ হাজার টাকা চুরি করা হয়। মামলার নথিতে চুরি যাওয়া টাকা বা অন্য কোনো মালামাল উদ্ধারের তথ্য নেই বলে উল্লেখ করা হয়েছে।
অভিযোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া। এতে ভুক্তভোগীর সামাজিক ও ব্যক্তিগত সম্মানহানি হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ কারণে সাইবার নিরাপত্তা আইনের ধারাও যুক্ত করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||