মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনায় আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেছেন, এখনও যারা গুমের শিকার হয়ে ফিরে আসেননি, অবিলম্বে তাঁদের স্বজনদের কাছে ফিরিয়ে দিতে হবে। কেউ জীবিত না থাকলে রাষ্ট্রীয় ভাবে তাঁর পরিবারকে বিষয়টি জানাতে হবে।
একই সঙ্গে গুম থেকে ফিরে আসা ব্যক্তিদের ক্ষতিপূরণ এবং তাঁদের পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
বক্তারা বলেন, গুমের শিকার ব্যক্তিদের বিষয়ে রাষ্ট্রকে স্পষ্ট অবস্থান নিতে হবে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধান, তাঁদের পরিবারের অধিকার নিশ্চিত করা এবং গুমের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা না হলে দেশে আবারও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ও গুমের সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা রয়েছে।
গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে রবিবার (৩০ আগস্ট) মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর খুলনা ইউনিট মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন ‘অধিকার’ খুলনা ইউনিটের ফোকালপার্সন সাংবাদিক মুহাম্মদ নূরুজ্জামান। তিনি সংগঠনটির পক্ষ থেকে প্রস্তুত করা আন্তর্জাতিক গুম দিবসের বিবৃতি পড়ে শোনান।
সমাবেশে বক্তারা মোংলায় কোস্টগার্ডের বিরুদ্ধে মিরাজ শেখ নামে এক জেলে ও মোটর সাইকেল রাইডারকে গুমের অভিযোগের প্রসঙ্গ তুলে ধরেন। তাঁরা বলেন, মিরাজ শেখের নিখোঁজ হওয়ার ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করতে হবে। অবিলম্বে সঠিক, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে এবং মিরাজ শেখকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে।
বক্তারা বলেন, গত ৩ আগস্ট মন্ত্রিসভা গুম প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৬ অনুমোদন করেছে। পরে গত ২৭ আগস্ট খসড়া আইনটি কিছুটা পরিবর্তন করে জাতীয় সংসদে উত্থাপন করা হয়। মন্ত্রিসভায় অনুমোদিত খসড়ায় শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা পুলিশকে দেওয়ার বিষয়টি ছিল।
জাতীয় সংসদে উত্থাপিত খসড়া আইনের ১৪(৩) ধারায় বলা হয়েছে, কোনো শৃঙ্খলা বাহিনী বা তার কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগের তদন্ত সংশ্লিষ্ট বাহিনী পরিচালনা করতে পারবে না। এ ক্ষেত্রে সরকার অভিযুক্ত বাহিনী ছাড়া অন্য কোনো বাহিনী বা আন্তঃবাহিনী তদন্ত দলের কাছে তদন্তভার দিতে পারবে।
তবে বক্তাদের মতে, গুমের অভিযোগের তদন্ত কোনো শৃঙ্খলা বাহিনীর হাতে রাখা হলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকে যাবে। পুলিশসহ যেকোনো শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গুমের অভিযোগ উঠলে একই ধরনের বাহিনীর মাধ্যমে তদন্ত করা হলে তা পক্ষপাতদুষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাই গুমের অভিযোগ তদন্তের দায়িত্ব একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠানের হাতে দেওয়ার দাবি জানান তাঁরা।
সমাবেশ থেকে বক্তারা দাবি করেন, গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা কোনো শৃঙ্খলা বাহিনীর হাতে না দিয়ে স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনের ওপর তদন্তভার দিতে হবে এবং বিষয়টি আইনে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। একই সঙ্গে গুমের পর এখনও যারা নিখোঁজ রয়েছেন, তাঁদের স্ত্রী-সন্তানরা যাতে আইনগত ভাবে তাঁদের ব্যাংক হিসাব পরিচালনা এবং স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তর করতে পারেন, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
এ ছাড়া গুমের পর ফিরে আসা ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়। বক্তারা বলেন, একজন ব্যক্তি গুমের শিকার হওয়ার পর ফিরে এলেও যদি তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা বহাল থাকে, তাহলে তিনি ও তাঁর পরিবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না। তাই এসব মামলা পর্যালোচনা করে প্রত্যাহারের উদ্যোগ নিতে হবে।
বক্তারা আরও বলেন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৬-এর ১৪(৩) ও ২১ ধারা সংশোধন করে একটি কার্যকর, বিতর্ক মুক্ত ও আন্তর্জাতিক মানসম্পন্ন আইন প্রণয়ন করতে হবে। পাশাপাশি গুমের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগী ও তাঁদের পরিবারের ন্যায় বিচার এবং ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।
তাঁরা বলেন, রাষ্ট্রের দায়িত্ব শুধু নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করা নয়, তাঁদের পরিবারের নিরাপত্তা, মর্যাদা, সম্পত্তির অধিকার ও ভবিষ্যৎও নিশ্চিত করা।
গুমের ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় এনে একটি কার্যকর বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা না গেলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো কঠিন হবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||