মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল প্রকল্পের আওতায় গড়ে ওঠা প্রায় ৪৫০ কোটি টাকার সাত তারকা মানের রেস্ট হাউস ও সার্ভিস এরিয়া নির্মাণের তিন বছর পরও চালু করা যায়নি। এখন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনকে পরিচালনার দায়িত্ব না দিয়ে ২৯ বছরের জন্য বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ইজারা দিতে টেন্ডার আহ্বান করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। তবে এত বড় একটি জাতীয় সম্পদ দীর্ঘ মেয়াদে লিজ দেওয়ার আগে কোনো গণশুনানি বা জনমত গ্রহণ না করায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
সেতু বিভাগের কর্মকর্তারা জানান, সার্ভিস এরিয়ায় প্রায় পাঁচ হাজার বর্গফুট আয়তনের একটি অত্যাধুনিক সাত তারকা মানের সুসজ্জিত ভিআইপি বাংলো রয়েছে। এতে ছয়টি বিলাস বহুল কক্ষ, সুইমিংপুল এবং আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে। এছাড়া একই সার্ভিস এরিয়ায় নির্মাণ করা হয়েছে আরও ৩০টি রেস্ট হাউস (কটেজ)। পুরো সার্ভিস এরিয়া গড়ে উঠেছে প্রায় ৭২ একর জায়গা জুড়ে। এখানে টানেলের একটি রেপ্লিকা, সম্মেলন কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র, হেলিপ্যাড, মসজিদ, পুলিশ স্টেশন, ফায়ার সার্ভিস স্টেশন এবং চট্টগ্রামের ঐতিহ্য ও বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন নিয়ে একটি জাদুঘর নির্মাণ করা হয়েছে। পুরো এলাকায় ১ হাজার ১৮২ টন ক্ষমতার শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এত বিপুল অবকাঠামো নির্মাণের পরও তিন বছর ধরে সবকিছু কার্যত অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে।
সেতু বিভাগ বলছে, তিন বছর আগে অতিথিশালার নির্মাণ কাজ শেষ হলেও জনবলের অভাবে এটি চালু করা সম্ভব হয়নি।
অতিথিশালা নির্মাণে প্রায় ৩৫০ কোটি টাকা ব্যয় হয়েছে। সার্ভিস এরিয়ার অন্যান্য স্থাপনাসহ মোট ব্যয় প্রায় ৪৫০ কোটি টাকা। এ কারণে বাণিজ্যিক ভাবে পরিচালনার জন্য এটি ২৯ বছরের জন্য ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই লক্ষ্যে টেন্ডার আহ্বান করা হয়েছে।
সেতু বিভাগ সূত্রে জানা যায়, কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেলটি ২০২৩ সালের অক্টোবর মাসে চালু হয়। টানেল দিয়ে প্রতিদিন ১৭ হাজার ২৬০টি যানবাহন চলাচলের সম্ভাবনা দেখানো হলেও বর্তমানে গড়ে চলাচল করছে মাত্র তিন হাজার ৮৭৮টি যানবাহন। ফলে টোল আদায়ও প্রত্যাশার তুলনায় অনেক কম হচ্ছে। বর্তমানে দৈনিক টোল আদায় হচ্ছে প্রায় ১১ লাখ ২২ হাজার টাকা, অথচ পরিচালনা ও রক্ষণাবেক্ষণে ব্যয় হচ্ছে প্রায় ২৩ লাখ টাকা। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ব্যয় কমিয়ে ২৩ লাখ টাকায় নামিয়ে আনা হলেও এর আগে প্রতিদিন ব্যয় হতো প্রায় ৩৭ লাখ টাকা।
২০২৩ সালের ২৯ অক্টোবর থেকে চলতি বছরের ২৯ জুন পর্যন্ত টানেল দিয়ে ৩৭ লাখের বেশি যানবাহন চলাচল করেছে। এ সময় টোল বাবদ আয় হয়েছে ১০৬ কোটি টাকা। অর্থাৎ প্রতিদিন গড় আয়ের তুলনায় ব্যয় প্রায় দ্বিগুণ।
পতেঙ্গা থেকে আনোয়ারা পর্যন্ত ১০ হাজার ৬৮৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টানেল চীনা ঋণ ও বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মাণ করে চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি (সিসিসিসি)। বর্তমানে টোল আদায় ও রক্ষণাবেক্ষণের দায়িত্বও প্রতিষ্ঠানটির হাতে রয়েছে।
টানেলের সার্ভিস এরিয়া থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে আনোয়ারার পারকি সৈকতের পাশে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ১৩ একরের বেশি জমিতে ৭৯ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক পর্যটন কমপ্লেক্স নির্মাণ করছে। ২০১৯ সালের ডিসেম্বরে প্রকল্পটি শুরু হলেও এখন পর্যন্ত প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। সেখানে ১০টি সিঙ্গেল কটেজ, ৪টি ডুপ্লেক্স কটেজ, একটি তিনতলা মাল্টিপারপাস ভবন, হ্রদ, শিশুদের বিনোদন কেন্দ্রসহ বিভিন্ন পর্যটন সুবিধা গড়ে তোলা হচ্ছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ রজব আলী গণমাধ্যমকে জানান, জনবলের অভাবে অতিথিশালাটি চালু করা যায়নি। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এটি ২৯ বছরের জন্য বাণিজ্যিক ভাবে ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৩ জুলাই পর্যন্ত টেন্ডার জমা নেওয়া হবে। সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব পাবে।
সংশ্লিষ্ট মহলের মতে, এত বড় একটি পর্যটন অবকাঠামো বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধীনে পরিচালিত হলে দেশি-বিদেশি পর্যটক, বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের মানুষ তুলনামূলক কম খরচে কর্ণফুলী টানেল, পারকি সমুদ্রসৈকত ও আশপাশের দর্শনীয় স্থান ভ্রমণের পাশাপাশি এই রেস্ট হাউসে অবস্থানের সুযোগ পেতেন। কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ২৯ বছরের জন্য ইজারা দেওয়া হলে সাধারণ মানুষের জন্য সেখানে রাত্রিযাপনের ব্যয় অনেক বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এমন একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ দীর্ঘ মেয়াদে বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার আগে কেন কোনো গণশুনানি অনুষ্ঠিত হলো না, কেন পর্যটন বিশেষজ্ঞ, স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট অংশীজনের মতামত নেওয়া হলো না এবং কেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনকে পরিচালনার সুযোগ দেওয়া হলো না, সেই প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। অনেকের মতে, জনস্বার্থ সংশ্লিষ্ট এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা উচিত ছিল।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||