মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :
[caption id="attachment_9117" align="aligncenter" width="873"]
খুলনা সাংবাদিক ইউনিয়নে পাল্টাপাল্টি সিদ্ধান্ত, ৩৪ সাংবাদিকের সদস্যপদ বাতিল।[/caption]
একাধিক পেশায় সম্পৃক্ততা, গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ড, শৃঙ্খলা ভঙ্গ এবং সাংবাদিকতা পেশায় সক্রিয় না থাকার অভিযোগকে কেন্দ্র করে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এ পাল্টা পাল্টি সভার মাধ্যমে মোট ৩৪ জনের সদস্য পদ বাতিলের ঘটনা ঘটেছে। সংগঠনের দুই পক্ষ পৃথক নির্বাহী পরিষদের সভা করে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
জানা গেছে, এক পক্ষের জরুরি সভা মঙ্গলবার (২৬ মে) সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবিরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় একাধিক পেশায় যুক্ত থাকা, গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ড, শৃঙ্খলা ভঙ্গ এবং সাংবাদিকতা পেশায় সক্রিয় না থাকার অভিযোগে ১৬ জনের সদস্য পদ বাতিলের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভায় নির্বাহী পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন বলে জানানো হয়েছে।
বাতিল হওয়া সদস্যরা হলেন— ওএমএস ব্যবসায়ী সাঈয়েদুজ্জামান সম্রাট, জনউদ্যোগ এনজিওর বেতন ভুক্ত নির্বাহী পরিচালক মহেন্দ্রনাথ সেন, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করে মামলা বাণিজ্য, চাঁদাবাজি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্টেশনারি মালামাল সরবরাহের অভিযোগে সুনীল দাস, স্থায়ী ভাবে খুলনার বাইরে অবস্থানকারী সুমন্ত চক্রবর্তী, শঙ্খ মার্কেটের ক্যামেরা ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির নেতা নেয়ামুল হোসেন কচি, অসাংবাদিক রাজু সাহা বিপ্লব, ঠিকাদার উত্তম কুমার সরকার, খুলনা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আবুহেনা মোস্তফা জামাল পপলু, বিভিন্ন মিলে মালামাল সরবরাহকারী বাবুল আক্তার ও শেখ লিয়াকত হোসেন, ব্যবসায়ী আবু নূরাইন খন্দকার, ইউপি সদস্য তপু বিশ্বাস, আয়কর আইনজীবী আসাফুর রহমান কাজল, ওএমএস ব্যবসায়ী এম ওয়াহিদুজ্জামান, সরকারি চাকরিজীবী কাজী ফজলে রাব্বি শান্ত এবং অসাংবাদিক মাসুদ খান পলাশ।
সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী খুলনা সাংবাদিক ইউনিয়নের ঐতিহ্য রক্ষায় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত অসাংবাদিক ও চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃতদের বয়কট করতে হবে। একই সঙ্গে সংগঠনের অস্তিত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
অন্যদিকে, অপর পক্ষের সভায় খুলনা সাংবাদিক ইউনিয়নের আরও ১৮ জন সদস্যের সদস্যপদ বাতিল করা হয়েছে। শ্রম আদালতের আদেশ মোতাবেক মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টায় অনুষ্ঠিত সংগঠনের নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গঠনতন্ত্র পরিপন্থি কর্মকাণ্ড এবং সাংবাদিকতার বাইরে বিভিন্ন পেশায় সম্পৃক্ত থাকার অভিযোগে তাদের সদস্যপদ বাতিল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সদস্য পদ বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন— ক্লিনিক ব্যবসা ও এনজিওতে কর্মরত থাকার অভিযোগে ফারুক আহমেদ, ওএমএস ডিলার হওয়ায় আসাদুজ্জামান খান রিয়াজ, খুলনা বিশ্ববিদ্যালয়ে চাকরিরত থাকায় জয়নাল ফরাজী, অনলাইন পত্রিকার মালিক ও আইনজীবী পেশায় জড়িত থাকায় বিমল সাহা, পত্রিকার মালিক হওয়ায় গৌরাঙ্গ নন্দী, সংবাদপত্র মালিকদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মকবুল হোসেন মিন্টু, কলেজের অধ্যক্ষ পদে কর্মরত থাকায় আসিফ আলতাফ, কলেজে কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করায় শেখ ইলিয়াস হোসেন, কলেজ শিক্ষক হওয়ায় প্রদ্যুত কুমার ভট্ট, ডুমুরিয়া প্রেস ক্লাবের সভাপতি এবং খুলনার বাইরে অবস্থান করায় এস এম জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য হওয়ায় এস এম ফরিদ রানা, এনজিওতে চাকরিরত থাকায় শেখ আব্দুল হালিম, খুলনা বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকায় সাইদা আক্তার রিনি, কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরিরত থাকায় মো. নাজমুল হাসান, পত্রিকার মালিক হওয়ায় শেখ তৌহিদুল ইসলাম তুহিন ও ড্যানিয়াল সুজিত বোস, কুয়েটে কর্মরত থাকায় মো. মনিরুজ্জামান সাগর এবং শিক্ষকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. আবুল বাশার।
খুলনা সাংবাদিক ইউনিয়নের অভ্যন্তরীণ এ পাল্টাপাল্টি সিদ্ধান্ত নিয়ে সাংবাদিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||