মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :
a
উন্নত সুচিকিৎসা পাওয়ার আশায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনার বিভাগের ১০ জেলা পার্শ্ববর্তী বিভাগের জেলা শহরের হাজার হাজার সাধারণ মানুষ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। কিন্তু হাসপাতালের শত শত গুরুত্বপূর্ণ চিকিৎসা যন্ত্র নষ্ট হয়ে পড়ে থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন রোগীরা। ফলে বাধ্য হয়ে অনেক রোগীকেই বেশি টাকা খরচ করে বাইরের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যেতে হচ্ছে।
প্রায় ১৫ বছর আগে হাসপাতালটি ৫০০ শয্যায় উন্নীত করার সময় যেসব চিকিৎসা যন্ত্র স্থাপন করা হয়েছিল, তার মধ্যে অন্তত ৩৫৪টি বর্তমানে পুরোপুরি অকেজো। এসব যন্ত্রের মধ্যে সাধারণ পালস অক্সিমিটার থেকে শুরু করে সিটি স্ক্যান, পোর্টেবল এক্স-রে ও ডায়ালাইসিসের মতো অত্যন্ত জরুরি চিকিৎসা সরঞ্জামও রয়েছে।
হাসপাতালে মোট কতগুলো চিকিৎসা যন্ত্র রয়েছে, তার সঠিক হিসাব সংশ্লিষ্ট কর্মীরা দিতে না পারলেও ৩৫৪টি যন্ত্র নষ্ট বা অকেজো থাকার বিষয়টি নিশ্চিত করেছেন তারা। পরীক্ষা করা ১১৫টি বড় যন্ত্রের মধ্যে ৮৫টিই অকেজো পাওয়া গেছে। ফলে প্রতিদিন বিপুল সংখ্যক রোগীর জন্য মাত্র ৩০টি যন্ত্র সচল রয়েছে।
হাসপাতালের ইলেকট্রো-মেডিকেল টেকনিশিয়ানদের দেওয়া তথ্য অনুযায়ী, নষ্ট যন্ত্রপাতির তালিকায় রয়েছে ছয়টির মধ্যে তিনটি ইসিজি মেশিন, ১৬টি ফটোথেরাপি ইউনিটের সবগুলো, দুটি সিটি স্ক্যানারের মধ্যে একটি, একটি ৫০০ এমএ এক্স-রে মেশিন এবং দুটি পোর্টেবল এক্স-রে মেশিন।
এ ছাড়া চারটি আল্ট্রাসনোগ্রাফি মেশিন, নয়টি অ্যানাস্থেসিয়া ইউনিট, ২০টি অপারেশন টেবিল, অপারেশন থিয়েটারের ছয়টি বাতি, একটি ডায়ালাইসিস মেশিন, একটি রিপ্রসেসর, ১২টি হৃদরোগের মনিটর এবং তিনটি আইসিইউ বেড পুরোপুরি নষ্ট হয়ে আছে।
সচল যন্ত্রেও নেই প্রয়োজনীয় উপকরণ
অন্যদিকে যেসব যন্ত্র ভালো রয়েছে, সেগুলোর অনেকগুলোর জন্য প্রয়োজনীয় উপকরণ না থাকায় সেগুলোও কার্যত ব্যবহার করা যাচ্ছে না।
এক্স-রে ফিল্ম শেষ হয়ে যাওয়ায় রেডিওলজি বিভাগের পাঁচটি এক্স-রে মেশিনই বন্ধ রয়েছে। ফলে প্রয়োজনীয় পরীক্ষা করাতে রোগীদের বাইরে যেতে হচ্ছে।
প্যাথলজি বিভাগে কম খরচে হরমোন পরীক্ষা করার জন্য ২০২০ সালে একটি ‘অটো অ্যানালাইজার’ আনা হয়েছিল। কিন্তু প্রয়োজনীয় রিএজেন্টের অভাবে সেটিও চালুর পর থেকেই অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।
হাসপাতালে অত্যাধুনিক দুটি সিটি স্ক্যানার রয়েছে, যেগুলো সাধারণত বাইরের ব্যয়বহুল বেসরকারি ক্লিনিকেও দেখা যায় না। অথচ এর একটি অকেজো থাকায় এবং বিভিন্ন সময় প্রয়োজনীয় ব্যবস্থাপনার সংকটে রোগীরা এসব আধুনিক চিকিৎসা সেবার কাঙ্ক্ষিত সুফল পাচ্ছেন না।
এ ছাড়া হাসপাতালে প্রায় ১৮ কোটি টাকা মূল্যের একটি রেডিওথেরাপি মেশিনও রয়েছে, যা বাক্সবন্দী অবস্থায় গাড়ি বারান্দায় অব্যবহৃত অবস্থায় পড়ে নষ্ট হয়ে গিয়েছে এক দশক আগে। ফলে ক্যান্সার আক্রান্ত রোগীরাও হাসপাতালের এই গুরুত্বপূর্ণ চিকিৎসা সুবিধা থেকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না।
মাস দুয়েক আগে হাসপাতালের আইসিইউর পাশের একটি স্টোর রুমে আগুন লাগে। আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে আতঙ্কগ্রস্ত হয়ে একজনের মৃত্যু হয় এবং বেশ কিছু মূল্যবান চিকিৎসা-সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়।
চিকিৎসা যন্ত্রপাতির এই তীব্র সংকটের বিষয়ে হাসপাতালের উপপরিচালক সুজাত আহমেদ গণমাধ্যমকে জানান, ‘নষ্ট ও অকেজো যন্ত্রপাতির তালিকা তৈরি করে আমরা প্রতি মাসেই স্বাস্থ্য অধিদপ্তরে পাঠাই এবং এগুলো দ্রুত মেরামতের অনুরোধ জানাই।’
১৯৮৯ সালে ২৫০ শয্যা নিয়ে যাত্রা শুরু করা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ২০০৮ সালে ৫০০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু বর্তমানে রোগীর চাপ এতটাই বেড়েছে যে হাসপাতালটি তা সামাল দিতে পুরোপুরি হিমশিম খাচ্ছে।
প্রতিদিন ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ রোগী চিকিৎসা নিতে আসায় শত শত মানুষকে হাসপাতালের বারান্দার মেঝে ও সিঁড়িতে শুয়ে থাকতে হয়। ৪০ জনের জন্য তৈরি একেকটি ওয়ার্ডে রাখা হচ্ছে ২০০ জনেরও বেশি রোগী।
অনকোলজি বা ক্যান্সার বিভাগে ভর্তি এক রোগীর স্বজন জানান, অতিরিক্ত ভিড়ের কারণে সাধারণ পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং যথাযথ চিকিৎসা সেবা পাওয়াও কঠিন হয়ে পড়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালে হাসপাতালটি ১ হাজার শয্যায় উন্নীত করা এবং নতুন ভবন নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলেও সেই কাজ এখনো শেষ হয়নি।
হাসপাতালে রোগীদের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগও রয়েছে। ফলে বাধ্য হয়ে অনেক রোগী ও তাদের স্বজন বাইরে থেকে খাবার কিনে খাচ্ছেন।
হাসপাতালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও দীর্ঘদিনের। রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, হাসপাতালের সরকারি ওষুধ বাইরে বিক্রি করে দেওয়ার ঘটনাও রয়েছে। রোগীরা প্রায়ই নোংরা পরিবেশ ও নিম্নমানের খাবারের অভিযোগ করেন।
একজন রোগীর স্বজন বলেন, ‘খুলনা মেডিকেলের এই দুর্ভোগ বহু বছরের। আলোচনা অনেক হলেও কাজের কাজ কিছু হচ্ছে না। আমরা কর্তৃপক্ষকে জানালে তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন, কিন্তু বাস্তবে কিছুই বদলায় না।’
রোগী ও তাদের স্বজনেরা জানান একই ঠিকাদার কে বছরে পর বছর খাবার সরবরাহের কাজ দেয়ার কারণে রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারের মান নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তারা আরও জানায় হাসপাতালের সঠিক তদারকি নিশ্চিত করা এবং শয্যা সংখ্যা বাড়ানোর।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় রোগীদের ওপর ভর করে একদল দালাল নিয়মিত ব্যবসা চালিয়ে যাচ্ছে। কম খরচে পরীক্ষা-নিরীক্ষা করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে হাসপাতাল কেন্দ্রিক এসব দালাল রোগীদের বাইরের বেসরকারি পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
রোগীদের অভিযোগ, টিকিট কাটার লাইন থেকে শুরু করে ওয়ার্ডের ভেতর পর্যন্ত সর্বত্র দালালদের আনাগোনা রয়েছে। র্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অভিযান পরিচালনার পরও তাদের তৎপরতা পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না।
অভিযোগ রয়েছে, হাসপাতালেরই কিছু অসাধু কর্মচারী বেশি পাওয়ার আশায় দালালদের এসব কর্মকাণ্ডে মদদ দিচ্ছেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কাজী মো. আইনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে জানান, প্রতিদিন হাসপাতালে নির্ধারিত শয্যা সংখ্যার প্রায় তিনগুণ রোগী ভর্তি হওয়ায় কিছুটা অব্যবস্থাপনার অভিযোগ রোগী ও তাদের স্বজনেরা করে থাকেন। তবে কোনো অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হয় বলে তিনি জানান।
দেশের স্বাস্থ্য ব্যবস্থার বড় চিত্রে উঠে এসেছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের এই করুণ দশা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থারও একটি বড় চিত্র।
পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) ২০২৬ সালের জুলাইয়ের একটি গবেষণা বলছে, দেশের ৬৫ শতাংশ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ থাকলেও গত এক বছরে মাত্র ২৫ শতাংশ হাসপাতাল নিয়মিত তা দিতে পেরেছে।
জেলা হাসপাতাল গুলোতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হয়েছে ৩৩ শতাংশ ক্ষেত্রে, উপজেলা হাসপাতালে মাত্র ১৭ শতাংশ এবং বিশেষায়িত ও মেডিকেল কলেজ হাসপাতাল গুলোতে এই হার ছিল ২৫ শতাংশ।
এই প্রতিবেদকের অনুসন্ধানে দেখা গেছে, সেবায় বিঘ্ন ঘটার প্রধান কারণ অকেজো যন্ত্রপাতি। প্রায় ৭৯ শতাংশ ঘটনার জন্য অকেজো যন্ত্রপাতি দায়ী। বাকি ১৪ শতাংশ সেবার সমস্যা হয়েছে প্রয়োজনীয় উপকরণের অভাবে এবং ৭ শতাংশ ক্ষেত্রে দক্ষ জনবলের অভাব ছিল মূল কারণ।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখো মানুষের অন্যতম প্রধান চিকিৎসাকেন্দ্র খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। অথচ বিপুল রোগীর চাপ, অপর্যাপ্ত শয্যা, অকেজো চিকিৎসা যন্ত্রপাতি, প্রয়োজনীয় উপকরণের সংকট, নিম্নমানের খাবার, অপরিচ্ছন্ন পরিবেশ এবং দালালদের দৌরাত্ম্য মিলিয়ে হাসপাতালটির চিকিৎসা সেবা আজ বড় ধরনের সংকটের মুখে।
রোগী ও তাদের স্বজনদের দাবি, দ্রুত নষ্ট চিকিৎসা যন্ত্রপাতি মেরামত ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ, শয্যা সংখ্যা বৃদ্ধি, নতুন ভবন নির্মাণ, হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নয়ন এবং রোগী ধরা দালাল চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
পাশাপাশি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সঠিক তদারকি ও জবাবদিহি নিশ্চিত করা গেলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিপুলসংখ্যক সাধারণ মানুষ সরকারি চিকিৎসা সেবার প্রকৃত সুফল পেতে পারেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||