মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনা মহানগরীর অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার—সোনাডাঙ্গা থেকে ময়ূর ব্রিজ হয়ে বাইপাস সড়ক। দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা এই সড়কের গুরুত্বপূর্ণ ১২৯৫ মিটার (প্রায় ১.৩ কিলোমিটার) অংশের বেহাল দশা দূর করতে অবশেষে ১ কোটি ৯১ লক্ষ টাকা ব্যয়ে জরুরি সংস্কার কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED), খুলনা। তবে পৌনে দুই কোটি টাকার এই বিশাল বাজেটের প্রকল্পে আধুনিক পিচ ঢালাই কিংবা আরসিসি (RCC) ঢালাইয়ের পরিবর্তে আবারও সেই পুরোনো ও ব্যর্থ 'ইটের সলিং' পদ্ধতি ব্যবহার করায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে নগরবাসীর মধ্যে। একই সাথে সংশ্লিষ্ট ঠিকাদারের অতীত কাজের নিম্নমান এবং দাপ্তরিক যোগসাজশের অভিযোগ নিয়ে খুলনা মহানগরীর সচেতন মহলে নানা প্রশ্ন ও গুঞ্জন তৈরি হয়েছে।
উন্নত মানের পিচ বা পাথর ঢালাইয়ের দাবি ভুক্তভোগীদের।
এই রাস্তা ব্যবহারকারী বিভিন্ন মানুষের সাথে এই প্রতিবেদক কথা বলে জানতে পেরেছে, এই গুরুত্বপূর্ণ সড়কটি খুলনা মহানগরীর অন্যতম প্রবেশদ্বার এবং খুলনার বিভাগীয় ও আন্ত জেলা বাস স্ট্যান্ডের মূল প্রবেশ পথে এই সড়কটি অবস্থিত। স্থানীয় যাতায়াতকারী ও চালকেরা জানান, এই সড়কটি উন্নত মানের পিচ দিয়ে অথবা আরসিসি/পাথরের ঢালাই করে করলে দীর্ঘমেয়াদে মানুষ এটি ব্যবহার করতে পারতো। তারা আরও ক্ষোভ প্রকাশ করে জানান, অল্প কয়েকদিনের মধ্যেই এই ইটের রাস্তাটি ভারী যানবাহনের চাপে আবারও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে। জনগণের ট্যাক্সের টাকায় তৈরি এই অস্থায়ী সড়কটি শেষ পর্যন্ত সাধারণ মানুষের কোনো উপকারে আসবে না বলেই মনে করছেন তারা।
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, এই প্রকল্পটির বাস্তবায়নকারী সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে অতীতে পাওয়া তাঁর প্রায় প্রতিটি কার্যাদেশের গুণগত মান নিয়েই মারাত্মক প্রশ্ন থেকে যায়। কাজ শেষ হতে না হতেই রাস্তাঘাট ভেঙে যাওয়ার নজির থাকা সত্ত্বেও কীভাবে আবারও পৌনে দুই কোটি টাকার এই গুরুত্বপূর্ণ কাজটি তাঁর প্রতিষ্ঠান পেল, তা নিয়ে জোরালো প্রশ্ন উঠেছে। এলজিআরডি (LGRD) অফিসের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ম্যানেজ করে এই কাজের ঠিকাদার খুলনা অঞ্চলে এই ধরনের নিম্নমানের কাজ নিয়মিত করে যাচ্ছেন। রাজনৈতিক বা প্রশাসনিক পটপরিবর্তন হলেও এই ঠিকাদারের সিন্ডিকেট ও দাপ্তরিক যোগসাজশ ভাঙা সম্ভব হয়নি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এলজিইডি এক্সইএন (XEN)
ব্যস্ততম এই প্রধান সড়কে স্থায়ী সমাধানের দিকে না গিয়ে কেন পুনরায় ইটের সলিং দেওয়া হচ্ছে—এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED), খুলনার নির্বাহী প্রকৌশলী (XEN) জানান, সড়কটি দিয়ে প্রতিদিন সোনাডাঙ্গা বাস টার্মিনাল সহ শহরের মূল প্রবেশ পথের সমস্ত গাড়ি যাতায়াত করে। সাম্প্রতিক সময়ে বড় বড় গর্তের কারণে সড়কটি প্রায় অচল হয়ে পড়েছিল এবং মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করে। প্রকৌশলীর দাবি, আমলাতান্ত্রিক দীর্ঘমেয়াদি টেন্ডার প্রক্রিয়ার জন্য অপেক্ষা করতে গেলে রাস্তা সচল করতে অনেক দেরি হয়ে যেত। তাই জনভোগান্তি কমাতে এবং জরুরি ভিত্তিতে রাস্তাটি দ্রুত সচল করার স্বার্থেই পুরো ১২৯৫ মিটার সড়কটিতে ইটের সলিং (SBB) দেওয়া হয়েছে।
১ কোটি ৯১ লক্ষ টাকার এই প্রকল্পটি নিয়ে কথা বলা হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের কনস্ট্রাক্টর আলাউদ্দিন জানান, রাস্তাটির বেহাল দশার কারণে ডিপার্টমেন্ট এটিকে ইমার্জেন্সি মেইনটেনেন্স ও উন্নয়ন কাজের আওতায় এনেছে। তাঁর কাজের অতীত রেকর্ড ও বর্তমান ইটের সলিংয়ের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, জরুরি ভিত্তিতে করা এই ইটের কাজ কমপক্ষে ৩ বছর সম্পূর্ণ টেকসই থাকবে।
ঠিকাদার ও কর্তৃপক্ষের এই যুক্তিতে কোনোভাবেই আশ্বস্ত হতে পারছেন না খুলনার সাধারণ মানুষ ও নেটিজেনরা। ফেসবুকে খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই স্থানীয় ফেসবুক পেজ ও পোস্টে শত শত 'Haha' রিয়্যাকশন এবং সমালোচনামূলক মন্তব্যের ঝড় উঠেছে। সাধারণ মানুষের ক্ষোভ—যে ইটের রাস্তা ভেঙেচুরে খানাখন্দে ভরে যাওয়ার কারণে গত কয়েক বছর ধরে মানুষ চরম ভোগান্তি পোহালো, সেই একই ভুল ও বিতর্কিত পদ্ধতি এবং একই ঠিকাদারকে দিয়ে কেন আবার সরকারি তহবিলের পৌনে দুই কোটি টাকা অপচয় করা হচ্ছে ? এটাকে টেকসই উন্নয়ন না বলে সাময়িক জোড়াতালির নামে বরাদ্দের হরিলুট হিসেবে দেখছেন নাগরিক সমাজ।
ভোক্তভোগীদের দাবি, ভারী বাস-ট্রাক যখন এই ইটের রাস্তার ওপর ঘন ঘন ব্রেক করবে, তখন অল্প দিনেই ইট গুলো আলগা হয়ে আগের চেয়েও বিপজ্জনক গর্তের সৃষ্টি হবে। সবচেয়ে বড় শঙ্কা তৈরি হয়েছে মোটর সাইকেল ও দুই চাকার যান আরোহীদের নিয়ে। বর্ষাকালে ইটের ওপর কাদা ও শ্যাওলা জমে রাস্তা মারাত্মক পিছল হয়ে যায়, যার ফলে চাকা স্লিপ কেটে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এমনকি নিয়ন্ত্রণ হারিয়ে জোরে আছাড় খেলে রাস্তার ইটের সাথে ঘর্ষণের ফলে সৃষ্ট স্ফুলিঙ্গ (Spark) থেকে মোটর বাইকের তেলের ট্যাংকে আগুন ধরে যাওয়ার মতো ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কাও করছেন চালকেরা।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||