মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :
খুলনা বিভাগে শিশুশ্রম নিরসন ও শিশুদের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের ১৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে এ গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন বলেন, শিশু শ্রম থেকে শিশুদের দূরে রাখা বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানকে সমন্বিত ভাবে কাজ করতে হবে। তিনি বলেন, কেবল তাৎক্ষণিক সমাধানের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিশু শ্রম প্রতিরোধে দীর্ঘমেয়াদি ও টেকসই পদক্ষেপ গ্রহণ করতে হবে। সরকার ইতোমধ্যে শিশু শ্রম নিরুৎসাহিত করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে এবং এ বিষয়ে আরও বহুমাত্রিক কার্যক্রম বাস্তবায়ন জরুরি।
খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক সানতাজ বিল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ হাফেজ আহাম্মদ মজুমদার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মোঃ আনিস-আর-রেজা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মোঃ শাহিনুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং শিশুশ্রম কল্যাণ পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন।
খুলনা বিভাগীয় প্রশাসন ও কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যৌথ ভাবে সভাটির আয়োজন করে।
সভায় শিশু শ্রম নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
এর মধ্যে ছিল বিভাগীয় পর্যায়ে প্রতি দুই মাস অন্তর মতবিনিময় সভা আয়োজন, শিশুশ্রমে জড়িত অভিভাবকহীন শিশুদের পুনর্বাসন, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত শিশুদের ডাটাবেজ প্রণয়ন, রেলওয়ে স্টেশন ও শহিদ হাদিস পার্কসহ বিভিন্ন এলাকায় অবস্থানরত ভাসমান শিশুদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনা এবং শ্রমঘন এলাকা গুলো নিয়মিত পরিদর্শন।
এছাড়া শিশুশ্রম নিরসনে সচেতনতা মূলক প্রচারণা জোরদার করা, প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের কারিগরি শিক্ষার আওতায় আনা এবং সরকারি-বেসরকারি সংস্থার সমন্বয়ে শিশুদের পুনর্বাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
সভায় অংশ গ্রহণকারী বক্তারা শিশু শ্রমমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সমন্বিত উদ্যোগ ও নিয়মিত কার্যক্রমের মাধ্যমে খুলনা বিভাগে শিশুশ্রম হ্রাস পাবে এবং শিশুদের জন্য নিরাপদ, শিক্ষাবান্ধব ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব হবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||