মো. আল মাসুম খান, চীফ টাইম রিপোর্টার :
[caption id="attachment_8663" align="alignnone" width="1399"]
খুলনা থেকে বেনাপোলগামী কমিউটার ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক নিহত।[/caption]
খুলনা থেকে বেনাপোল গামী “মোংলা কমিউটার এক্সপ্রেস” ট্রেনের সঙ্গে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া ভাঙাগেট এলাকায় একটি কয়লা বাহী ট্রাকের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ রবিবার (১০ মে) দুপুর ১টা ১০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে ট্রাক চালক ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িক ভাবে রেল যোগাযোগ ব্যাহত হয়।
নিহত ট্রাকচালকের নাম মনোয়ার হোসেন (৪০)।
তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মোহাম্মদ আলির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে বেনাপোল গামী “মোংলা কমিউটার এক্সপ্রেস” ট্রেনটি নওয়াপাড়ার ভাঙাগেট এলাকায় পৌঁছালে একটি কয়লা বাহী ট্রাক রেললাইনের ওপর অবস্থান করছিল। এ সময় দ্রুতগতির ট্রেনটি ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশেই ছিটকে পড়ে।
দুর্ঘটনার বিকট শব্দে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
স্থানীয়রা প্রাথমিক উদ্ধার কাজ শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস, রেলওয়ে পুলিশ ও অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। সংঘর্ষে ট্রাক চালক মনোয়ার হোসেন ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ তার মরদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়ার জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য খুলনা-যশোর রুটে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে ক্ষতিগ্রস্ত ট্রাকটি সরিয়ে নেওয়ার পর রেললাইন স্বাভাবিক হয় এবং পুনরায় ট্রেন চলাচল শুরু হয় বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
স্থানীয়দের অভিযোগ, ভাঙাগেট রেলক্রসিং এলাকায় দীর্ঘদিন ধরেই নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। অনেক সময় গেট ম্যানের অনুপস্থিতি কিংবা সতর্ক সংকেত সঠিকভাবে কাজ না করায় সেখানে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তারা দ্রুত আধুনিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
খুলনা রেলস্টেশনের স্টেশন ম্যানেজার গণমাধ্যমকে জানান, ট্রেনটির দুপুর আড়াইটায় বেনাপোল স্টেশনে পৌঁছানোর কথা ছিল। তবে দুর্ঘটনায় ট্রেনটির ইঞ্জিন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||