মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের তৎপরতায় উদ্ধার হওয়া ৫০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে মোবাইল ফোন গুলো হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম।
মোবাইল হস্তান্তরকালে খুলনা জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানান। তিনি বলেন, মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হলে সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা উচিত। এতে সাইবার সেল দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। একই সঙ্গে প্রযুক্তি নির্ভর অপরাধ দমনে খুলনা জেলা পুলিশের চলমান কার্যক্রম আরও জোরদার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) অপু মণ্ডল।

এ ছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং মোবাইল ফোনের প্রকৃত মালিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হারিয়ে যাওয়া শখের ফোন ফিরে পেয়ে অনেকেই জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||