মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সেপ্টেম্বর মাসের সভা আজ (রবিবার) সকালে জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় খুলনার জেলা প্রশাসক সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ে যেসব সরকারি প্রতিষ্ঠানের এক হাজার বর্গফুটের ছাদ রয়েছে এবং যেগুলো আগামী ২০ বছর ব্যবহার উপযোগী, সেসব সরকারি প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনের অনুরোধ জানান।
তিনি বলেন, সম্প্রতি দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নকে দেশের অন্যতম এসডিজি ভিলেজ (টেকসই উন্নয়ন গ্রাম) হিসেবে ঘোষণা করে কার্যক্রম শুরু করা হয়েছে। পানখালী গ্রামকে এসডিজি ভিলেজ হিসেবে উপযোগী করে গড়ে তুলতে সরকারি সব দপ্তরের অংশ গ্রহণ জরুরি।
খুলনার জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
স্কুল-কলেজসহ প্রত্যেকটি সরকারি-বেসরকারি দপ্তরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সভায় খুলনার ডেপুটি সিভিল সার্জন ডা. মো: শওকত আলী জানান, গত ২৪ ঘণ্টায় খুলনায় ডেঙ্গুতে ১৬০ জন আক্রান্ত হয়েছেন এবং বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৬৯৬ জন রোগী ভর্তি আছেন। এ পর্যন্ত মোট দুই হাজার জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
তিনি খুলনা জেলার সব সরকারি দপ্তরের সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেঙ্গু রোগ সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রচারণা কার্যক্রম আরও জোরদার করার অনুরোধ জানান।
ডেপুটি সিভিল সার্জন জানান, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু হবে। সিটি করপোরেশন ও উপজেলা গুলোতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এই টিকা দেওয়া হবে।
তিনি আরও জানান, দাকোপের পানখালী গ্রামে বিশেষ টিমের মাধ্যমে সাধারণ চিকিৎসা সেবা ও ওষুধ সরবরাহ কার্যক্রম চলমান রয়েছে।
সভায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তারা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||