মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :
[caption id="attachment_8671" align="alignnone" width="1598"]
গৌরাঙ্গ নন্দীর[/caption]
খুলনার জ্যেষ্ঠ সাংবাদিক ও কালের কণ্ঠের সাবেক খুলনা ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দীর পাওনা অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত। খুলনা বিভাগীয় শ্রম আদালত কালের কণ্ঠ কর্তৃপক্ষকে আগামী ৩০ দিনের মধ্যে গৌরাঙ্গ নন্দীকে ১৪ লাখ ৩৭ হাজার ৮৩৫ টাকা পরিশোধের আদেশ দিয়েছেন।
রোববার (১১ মে) খুলনা বিভাগীয় শ্রম আদালতের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ এসএম আশিকুর রহমান এ আদেশ দেন। একই সঙ্গে আদালত কোর্ট ফি বাবদ ৪১ হাজার ৩৩৮ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, সাংবাদিক গৌরাঙ্গ নন্দী দীর্ঘ পনেরো বছরেরও বেশি সময় ধরে দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরে পত্রিকা কর্তৃপক্ষের আহ্বানের প্রেক্ষিতে তিনি ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পদত্যাগ করেন। পদত্যাগ পত্র গ্রহণের সময় কালের কণ্ঠ কর্তৃপক্ষ তাঁর পাওনা অর্থ ৩০ দিনের মধ্যে পরিশোধ করা হবে বলে আশ্বাস দেয়।
তবে নির্ধারিত সময় অতিক্রম হওয়ার পরও পাওনা অর্থ পরিশোধ না করায় গৌরাঙ্গ নন্দী আইনের আশ্রয় নেন। তিনি ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় শ্রম আদালতে আবেদন করে মোট ১৯ লাখ ৬২ হাজার ১৫২ টাকা পাওনার দাবি জানান।
মামলার শুনানি কালে উভয় পক্ষের বক্তব্য, নথিপত্র ও শ্রম আইনের সংশ্লিষ্ট বিধান পর্যালোচনা করেন আদালত। একাধিক শুনানি ও যুক্তি তর্ক শেষে আদালত সাংবাদিক গৌরাঙ্গ নন্দীর প্রাপ্য পাওনা হিসেবে ১৪ লাখ ৩৭ হাজার ৮৩৫ টাকা পরিশোধের নির্দেশ দেন।
এ রায়কে শ্রমজীবী সাংবাদিকদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সাংবাদিক মহলে এ আদেশ নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, গণমাধ্যম কর্মীদের ন্যায্য পাওনা ও শ্রম অধিকার নিশ্চিত করতে আদালতের এ ধরনের নির্দেশনা ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।
গৌরাঙ্গ নন্দী দীর্ঘদিন ধরে খুলনার সাংবাদিকতা অঙ্গনে পরিচিত মুখ হিসেবে কাজ করে আসছেন।
স্থানীয় সংবাদ সংগ্রহ, অনুসন্ধানী প্রতিবেদন ও পেশাগত দায়িত্ব পালনে তিনি সহকর্মীদের কাছে সুপরিচিত।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||