মো. আল মাসুম খান, ব্যুরো চিফ খুলনা:
খুলনার ডুমুরিয়া উপজেলায় মেঘনা পেট্রোলিয়ামের তেলবাহী ট্যাংক লরি ও যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই তিনজন হয়েছেন, আহত হয়েছেন আরও ৪জন। আজ শনিবার ১৭ মে সকাল সোয়া ১০টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ফায়ার সার্ভিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঝামাঝি স্থান গোলনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহতরা হলেন, মাহিন্দ্রা চালক ও কয়রা উপজেলার ভাণ্ডার পোল গ্রামের আনসার আলী গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী (৫৫), একই উপজেলার ২ নম্বর কয়রা গ্রামের মতিউর রহমান সানার ছেলে মহিনুর ইসলাম (৩৫) ও কুশোডাঙ্গা গ্রামের মৃত নূর আলী সানার ছেলে মাওলানা আব্দুর রসিদ (৫০)। এদের মধ্যে মহিনুর ইসলাম ও আব্দুর রসিদ কয়রা উপজেলার স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক। দুর্ঘটনায় আহত চারজন হলেন, মইনুল ইসলাম গাজী, ইউনুস, মনিরুজ্জামান ও আব্দুস সাত্তার। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় নিহত ৩ জনের পরিচয় নিশ্চিত করেছেন খর্ণিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক এস আই শিমুল মন্ডল। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে কয়রা উপজেলা থেকে কয়েকজন শিক্ষক একটি মাহিন্দ্রাতে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে রওনা হন। সেখানে বকেয়া বেতন-ভাতা প্রদানসহ ৫ দফা দাবিতে মানব বন্ধন ও খুলনা জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দেওয়ার কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল তাদের। তবে তাদের বহনকারী মাহিন্দ্রা গাড়িটি ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ফায়ার সার্ভিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঝামাঝি গোলনা নামক স্থানে পৌঁছালে একটি জ্বালানিবাহী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রার তিন যাত্রী নিহত হন। হাইওয়ে পুলিশের এস আই শিমুল মন্ডল আরও বলেন, ট্যাংক লরি ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তেলবাহী লরিটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||