এমডি. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)-এর হরিণটানা থানা পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার (৪ এপ্রিল ২০২৬) দুপুর প্রায় ১টা ৩০ মিনিটে হরিণটানা থানা পুলিশের একটি চৌকস টিম নগরীর কৈয়া বাজার এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে বিল্লাল ভল্কানাইজিংয়ের সামনে অভিযান চালায়। এ সময় নাহিদ সরদার (২৫) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নাহিদ সরদার মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কনকসার এলাকার বাসিন্দা মো. মিরাজ সরদারের ছেলে। তার কাছ থেকে ১০ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
এদিকে একই দিনে পৃথক আরেক অভিযানে নগরীর কৈয়া বাজার এলাকা থেকে ৫২ প্যাকেট ইয়াবাসহ নাইম নামে এক যুবককে আটক করে পুলিশ।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ খায়রুল বাসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি বড়ো মাদকের চালান পরিবহন করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে কৈয়া বাজার এলাকায় চেকপোস্ট বসানো হয়।
তিনি বলেন, সাতক্ষীরা থেকে ঢাকাগামী ‘টুঙ্গীপাড়া এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাসকে থামার সংকেত দিলে সেটি দাঁড়ায়। পরে বাসে তল্লাশি চালানোর সময় সন্দেহজনক আচরণের কারণে নাইমকে আটক করা হয়। পরে তার হাতে থাকা মোবাইল ফোনের ব্যাগ তল্লাশি করে ৫২ প্যাকেট ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিক ভাবে জানানো সম্ভব হয়নি।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাইম স্বীকার করেছে যে, সে সাতক্ষীরা থেকে ইয়াবার চালান ঢাকায় নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||