মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনায় সাবরেজিস্ট্রার তন্ময়কে অফিস থেকে তুলে নিয়ে যায় একদল সন্ত্রাসী
খুলনা নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয় থেকে প্রকাশ্য দিবালোকে সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কিছু সময় পর তিনি নিজ কার্যালয়ে ফিরে আসায় ঘটনাটি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেলে করে তন্ময় কুমার মণ্ডলকে খুলনা নগরীর ভৈরব নদের জেলখানা ঘাটের দিকে নিয়ে যাওয়া হয়। বিষয়টি জানাজানি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়ে ওঠে। প্রায় এক ঘণ্টা পর তিনি নিজ কার্যালয়ে ফিরে আসেন।
এসময় উপস্থিত সাংবাদিকদের তন্ময় কুমার মণ্ডল জানান, তাকে কেউ অপহরণ করেনি।
তবে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা অনুসন্ধান শুরু হয়েছে। পুলিশের সঙ্গে তন্ময় মণ্ডলের কথা হয়েছে। তিনি এখনও ট্রমার মধ্যে থাকায় সঠিক ভাবে কোনো তথ্য বা অভিযোগ দিতে পারেননি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, কাগজপত্র দেখানোর কথা বলে তন্ময় কুমার মণ্ডলকে তার ইচ্ছার বিরুদ্ধে খুলনা নিউমার্কেট এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি রহস্যজনক হওয়ায় এর সঙ্গে কারা জড়িত এবং কী কারণে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে অফিসপাড়ায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।আগের কর্মস্থল নিয়েও প্রশ্ন ? এর আগে নড়াইলে দায়িত্ব পালনকালে তন্ময় কুমার মণ্ডলের বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠার কথাও জানা গেছে। তবে এসব অভিযোগের সত্যতা এবং এর সঙ্গে বর্তমান ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
প্রকাশ্য দিবালোকে একজন সরকারি কর্মকর্তাকে কার্যালয় থেকে নিয়ে যাওয়া, পরে তার ফিরে আসা এবং তিনি নিজেই অপহরণের বিষয়টি অস্বীকার করায় পুরো ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
ঘটনার পেছনে আসলে কী রয়েছে, কারা তাকে নিয়ে গিয়েছিল, কেনই বা তাকে নেওয়া হয়েছিল এবং পরে কীভাবে তিনি ফিরে এলেন, এসব প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়।
এই প্রতিবেদক ঘটনার নেপথ্যের তথ্য অনুসন্ধান অব্যাহত রেখেছেন। অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নতুন তথ্য ও নথি সামনে আসতে পারে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||