মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শিশুদের জন্য আলাদা করে পরিকল্পনা না করে তাদের সঙ্গে নিয়েই জলবায়ু পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন খুলনায় অনুষ্ঠিত ৬ষ্ঠ বার্ষিক উপকূলীয় শিশু জলবায়ু সম্মেলনের বক্তারা। তাঁরা বলেন, উপকূলীয় অঞ্চলের শিশুদের বাস্তব অভিজ্ঞতা ও মতামতকে পরিকল্পনায় যুক্ত করার পাশাপাশি জলবায়ু অভিযোজন, পুনর্বাসন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় স্থানীয় পর্যায়ে অর্থায়নের সুযোগ তৈরি করতে হবে।
‘জলবায়ু সহনশীলতার জন্য শিশু নেতৃত্ব’ প্রতিপাদ্যে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) খুলনার সিএসএস আভা সেন্টারে দুই দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়। জাগ্রত যুব সংঘ (জেজেএস) ও উপকূলীয় জলবায়ু শিশু ফোরাম যৌথভাবে সম্মেলনের আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, গত ৩০ থেকে ৪০ বছর ধরে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ নানা দুর্যোগে উপকূলীয় মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। প্রতিবার দুর্যোগের পর ত্রাণ ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হলেও স্থায়ী সমাধান হয়নি। ভবিষ্যতে পুনর্বাসন ও দুর্যোগ ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা প্রয়োজন।
তিনি আরও বলেন, দুর্যোগের পর ত্রাণ দেওয়া হলেও তা স্থায়ী পুনর্বাসনের বিকল্প নয়। অতীতে সরকারি-বেসরকারি বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও সেগুলো অনেক ক্ষেত্রে সমন্বিত ও পরিকল্পিতভাবে বাস্তবায়িত হয়নি। এখন ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার।
শিশুদের অংশগ্রহণের বিষয়ে নজরুল ইসলাম মঞ্জু বলেন, শিশুরা এখন শুধু সমস্যার কথা বলতে চায় না, তারা সমাধানের অংশীদার হতে চায়। তাদের পরিকল্পনা ও অভিজ্ঞতাকে বাস্তবায়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করতে হবে। সম্মেলনে উঠে আসা সুপারিশ শুধু আলোচনা সভায় সীমাবদ্ধ না রেখে রাষ্ট্রীয় পরিকল্পনা ও নীতিনির্ধারণের পর্যায়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
জলবায়ু মোকাবিলায় বিদেশি অর্থায়নের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার পরিবর্তে দেশের নিজস্ব অর্থায়নের সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন কেসিসি প্রশাসক। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত অঞ্চল পুনর্গঠনে নিজেদের অর্থায়নে দীর্ঘমেয়াদি ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ প্রয়োজন।
সম্মেলনে শিশু প্রতিনিধিরা বলেন, ‘আমরা শুধু সমস্যার কথা বলতে চাই না, সমাধানের অংশ হতে চাই।’ তাঁদের মতে, জলবায়ু ও দুর্যোগ মোকাবিলার পরিকল্পনায় শিশুদের অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দিতে হবে। শিশুদের নিয়ে নয়, শিশুদের সঙ্গে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
দুই দিনের সম্মেলনে ডিজিটাল স্টোরিটেলিং, পোস্টার উপস্থাপনা, শিশুদের নেতৃত্বে জলবায়ু কার্যক্রম, দক্ষিণ-পশ্চিম উপকূলের শিশুদের জীবনে জলবায়ু সংকটের প্রভাব, জলবায়ু অর্থায়নে শিশু ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রবেশাধিকার এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি ও লোকসান মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেজেএসের নির্বাহী পরিচালক এটিএম জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, পরিবেশ অধিদপ্তর খুলনার পরিচালক খন্দকার মো. ফজলুল হক, ইউনিসেফ বাংলাদেশের খুলনা বিভাগীয় ফিল্ড অফিস প্রধান মো. কায়সার হোসেন, ডিজাস্টার ফোরামের সদস্য সচিব গওহ্যার নঈম ওয়াহরা এবং খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম।
সম্মেলনের সমাপনী অধিবেশনে শিশু প্রতিনিধিরা সুরক্ষা, অংশ গ্রহণ এবং শিশুদের জলবায়ু কার্যক্রমের স্থায়িত্ব নিশ্চিতকরণে উপকূলীয় শিশুদের বিভিন্ন দাবি তুলে ধরবেন। দুই দিনব্যাপী এ সম্মেলন আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) শেষ হবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||