এমডি আল মাসুম খান, চীপ ক্রাইম রিপোর্টার :

খুলনা মহানগরীর খালিশপুরে সোনামিয়া (৩৮) নামে জাতীয়তাবাদী তাঁতি দলের এক নেতাকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে মহানগরীর নয়াবাটি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সোনামিয়া নয়াবাটি এলাকার জব্বার সরদারের ছেলে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক হিসেবে দায়িত্বরত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে সোনামিয়া তার নিজস্ব ব্যাবসা প্রতিষ্ঠান একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় দুটি মোটর সাইকেলে করে আসা দুর্বৃত্তরা অতর্কিতে দোকানের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
গুরুতর আহত অবস্থায় সোনামিয়া প্রাণ বাঁচাতে দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নিলেও শেষ রক্ষা হয়নি। হামলাকারীরা পিছু নিয়ে সেখানে গিয়েও তাকে পুনরায় কুপিয়ে রক্তাক্ত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খালিশপুর ক্লিনিক এবং পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীদের মধ্যে একজনের মাথায় হেলমেট এবং বাকি দুজনের মুখে মাস্ক পরা ছিল। তারা ধারালো অস্ত্র উঁচিয়ে দ্রুত খালিশপুর পার্কের দিকে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
খালিশপুর থানার ডিউটি অফিসার ইউসুফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে উপস্থিত স্থানীয়দের ধারণা, দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধের জেরে এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||