মো: আল মাসুম খান(ক্রাইম নিউজ) চিফ রিপোর্টার :

খুলনায় ঘরে তৈরি বিষাক্ত দেশি মদ পান করে অন্তত ১০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় নগরীর রায়ের মহল এলাকার মালেক সড়ক রোডের নিজ বাড়ি থেকে শেখ মোসলেম আলি (৭৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার (১৯ জুলাই) গভীর রাতে তাকে আটক করে খুলনা মেট্রোপলিটন পুলিশের একটি দল।
আটক মোসলেম আলি এলাকায় একজন হোমিও চিকিৎসক হিসেবে পরিচিত। তার মালিকানাধীন ‘মাতৃশোধন হোমিও ফার্মাসি’ নামে একটি ওষুধের দোকান রয়েছে। তবে দোকানের আড়ালে তিনি নিজ বাসায় বসে এল কোলি, ঘুমের ওষুধ ও চুনের পানি দিয়ে দেশি মদ তৈরি করতেন বলে জানিয়েছে পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো: আবু তারেক গণমাধ্যমের সাংবাদিকদের জানান, মোসলেম আলি কর্তৃক তৈরি মদ পান করে প্রথমে অসুস্থ হন আড়ংঘাটা থানার পূর্ব বিল পাবলা মদিনা নগর এলাকার কয়েকজন। অসুস্থ অবস্থায় তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়। শুক্রবার রাতে একজন এবং শনিবার আরও পাঁচজন মারা যান।
প্রথমে খুলনা পাবলিক কলেজের দ্বিতীয় গেট এলাকার বাসিন্দা তোতা মিয়া মারা যান। স্বাভাবিক মৃত্যু ধরে তার মরদেহ গ্রামের বাড়ি পিরোজপুরে পাঠানো হয়।
এরপর শনিবার সকালে একই এলাকার গৌতম, বিকেলে বয়রা সেরার মোড় এলাকার সাহাবুদ্দিন সাবু, বয়রা মধ্যপাড়ার আফরোজ হোসেন বাবু এবং রায়ের মহল মল্লিক বাড়ির সাজ্জাদ মারা যান
মদ্যপানে গুরুতর অসুস্থ অবস্থায় বয়রা দাশ পাড়ার সনু খুলনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, বিষাক্ত মদ পান করে মৃতের সংখ্যা এখন পর্যন্ত অন্তত ১০ জনে দাঁড়িয়েছে। আজ রোববার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ডুমুরিয়া এলাকার দুই গরু ব্যবসায়ীর মরদেহ ময়নাতদন্তের জন্য আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং আরও অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||